নরসিংদী, আগস্ট ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি বন্ধ করতেই দেশের সব কাজে সেনাবাহিনীকে সম্পৃক্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ এ কথা বলেছেন।
সোমবার দুপুরে তিনি জেলার রায়পুরা উপজেলার দুর্গম চর এলাকা মির্জারচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছিলেন। নরসিংদী থেকে সেখানে যাত্রার সময় সাংবাদিকদের তিনি বলেন, "সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ বিতরণের ফলে এ পর্যন্ত কেউ বলতে পারবে না ত্রাণ চুরি হয়েছে। এটা এ সরকারের বড় পাওয়া।"
রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণসহ বন্যাপরবর্তী পুনর্বাসন কাজে বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী একযোগে কাজ করবে বলে জানান জেনারেল মইন। দুর্যোগ মোকাবেলায় দলমত নির্বিশেষে সব মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
সেনাপ্রধান বলেন, "সম্মিলিত উদ্যোগে আমাদের বন্যা মোকাবেলা করতে হবে। যাদের ঘরে খাবার আছে, তা দিয়ে বন্যার্তদের সহায়তা করতে হবে।"
সেনাপ্রধান মির্জারচরের ৩০০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, এক কেজি করে সয়াবিন তেল, আধা কেজি মসুর ডাল, এক প্যাকেট গুঁড়ো দুধ ও এক কেজি করে চিনি বিতরণ করেন।
এ ছাড়া নদী ভাঙনে ঘর হারানো ১৫ পরিবারকে ১ হাজার টাকা করে দেন সেনা প্রধান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএইচবি/১৯২৯ ঘ.
bdnews24