ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকার পূর্বাঞ্চলে অনেক জায়গায় বন্যার পানি নেমে গেলেও এখন সেখানে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এসব এলাকায় ওয়াসা যে পানি সরবরাহ করছে তাও নোংরা ও দূর্গন্ধময়। ওয়াসা কর্তৃপক্ষ বলছে তারা বিশুদ্ধ পানি সরবরাহ করার চেষ্টা করে যাছে।
পূর্বাঞ্চলের অনেক জায়গায় এখনও বন্যার পানি পুরোপুরি নামেনি। কোথাও কোথাও রাস্তা থেকে পানি নামলেও রয়ে গেছে কাদা আর পয়:নালা উপচে বেরিয়ে আসা বর্জ্য।
যেসব জায়গায় বিশুদ্ধ পানির এই সংকট সেগুলো হচ্ছে, সিটি কর্পোরেশনের ভেতরে সবুজবাগ থানার বাসাবো, মেরাদিয়া, মাদারটেক আর সিটি কর্পোরেশনের বাইরে দক্ষিণগাঁও ইউনিয়নের দাসপাড়া, শাহীবাগ, কালীবাড়ী, কাঠেরপুল, বেগুনবাড়ী, কুসুমবাগ, নাসিরাবাদ ইউনিয়নের ত্রিমোহনী, দাসেরকান্দী, বাবুর জাগা, গৌনগর, ঈদেরকান্দী, ফকিরখালী ও নন্দীপাড়া ।
এসব এলাকার মানুষ ওয়াসা বা অন্যান্য উৎস থেকে যে পানি পাচ্ছে তা ফোটানোর পরও দূর্গন্ধ যাচ্ছে না। বাধ্য হয়ে এ পানিই পান করছে অনেকে। এভাবে ছড়িয়ে পড়ছে ডায়রিয়াসহ বিভিন্ন রোগ।
বাসাবো, মাদারটেক, গোড়ান এলাকায় রয়েছে অনেকগুলো রিক্সা গ্যারেজ। প্রতিটি গ্যারেজে থাকেন ৪০ থেকে ৫০ জন রিক্সাচালক । খাওয়া-দাওয়াও সেখানেই করেন। এসব রিক্সাচালকের কেউই পানি ফুটিয়ে পান করেন না।
রিক্সাচালক আকমলের গ্যারেজ সিপাহীবাগ এলাকায়। তিনি বললেন, "সারাদিন তো বাইরেই থাহন লাগে। বাইরে ফুডানো পানি কই পামু। এইহানে খাইতে পাই এই বেশি। আবার ফুডানো পানি! লাইনের পানি খাইলে গরীব মাইনষের কিছু হয় না।"
এছাড়া সিপাহীবাগ এলাকায় রয়েছে গার্মেন্টস শ্রমিক ও নিু আয়ের মানুষদের অনেকগুলো মেস। গার্মেন্টস কর্মী সাবিহা খাতুন জানালেন, তারা পানি ফুটিয়েই পান করেন। তবে সব সময় ফুটানো হয় না।
গোড়ান বাজারের ওষুধের দোকান 'ফি আমানীল্লাহ ফার্মেসি'-র বিক্রেতা মোস্তফা কামাল শিপন বললেন, "এখন খাবার স্যালাইনের চাহিদা খুব বাড়ছে। এই এলাকার পানি ময়লা আর গন্ধ।"
একই কথা বললেন মেরাদিয়া নয়াপাড়ার নাসিমা মেডিসিন কর্নারের মালিক আব্দুর রহমান। তিনি বলেন, "ওরস্যালাইনের খুব চাহিদা। লোকজন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট চায়। কিন্তু পাইকারী বাজারে এই ট্যাবলেটের এতো দাম যে আমরা আনতে পারি না।"
নয়াপড়া এলাকার গৃহবধূ মনোয়ারা বেগম জানালেন, তার অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে সজীব গত দুইদিন থেকে বমি আর পায়খানা করছে। তারা বাড়িতে পানি অন্তত তিন দফা ছেঁকে তারপর ফুটিয়ে পান করছেন। তবুও পানির মধ্যে হালকা গন্ধ থেকে যাচ্ছে।
আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রজেক্টের মেরাদিয়া নগর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. ফাতেমা ফেরদৌস জানান, "পানি নামার সঙ্গে সঙ্গে গত ৫ দিন ধরে এ এলাকায় প্রচুর মানুষ ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। তিনি বলেন, "এ এলাকার পানি খুব নোংরা এবং দূর্গন্ধযুক্ত বলেই হয়তো এমনটা হচ্ছে। এখানকার অনেক বাড়িতেই পানি ফুটিয়ে খাওয়ার সুবিধা নেই।"
ঢাকা ওয়াসার পূর্বাঞ্চলের জোন-১ এর নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, "বন্যার কারণে পানির সমস্যা হতে পারে। এখনও অনেক জায়গায় আমাদের পাইপ পানির নিচে ডুবে আছে।"
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) শহীদুর রহমান প্রধান বলেন, "গোড়ান এলাকার পানিতে সমস্যা ছিল। আমরা পাইপগুলো ওয়াশ করে দিয়েছি। ওখানকার লোকজন যারা অভিযোগ করেছিলেন তারা এখন পরিষ্কার পানি পাচ্ছেন বলে জানিয়েছেন।"
মেরাদিয়া এলাকায় পানির সমস্যার বিষয়ে তিনি বলেন,"এরকম কোনও সমস্যা আমাদের জানা নেই। তবে যদি পানির সমস্যা হয়ে থাকে তবে আমরা দ্রুত ব্যবস্থা নেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এফএইচবি/এসকে/২১০৬ ঘ.
bdnews24