সিলেট, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানসহ ছয় জনের বিরুদ্ধে ঠিকাদার নূরুজ্জামানের দায়ের করা চাঁদাবাজির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) বিনয় কুমার মজুমদার এর আদালত রোববার মামলার বাদী নূরুজ্জামান এর সাক্ষ্য নেওয়া হয়। সোমবার আবারও মামলার সাক্ষ্য গ্রহণ করা হবে।
সাক্ষ্য গ্রহণের প্রথম দিন মামলার তিন আসামি নাসের রহমান, ফয়জুল করিম ময়ুন ও মনোয়ার সাদিককে আদালতে হাজির করা হয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, সিলেটের ফেঞ্চুগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ২০০২-০৩ অর্থ বছরে সওজের ৩২ কোটি টাকার কাজ পাওয়ার বিনিময়ে নাসের রহমান বাদির কাছে দুই কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় এবং এ বিষয়টি গণমাধ্যমকে জানানোয় বাবার প্রভাব খাটিয়ে নাসের রহমান কার্যাদেশ বাতিল করান।
বাদি অভিযোগ করেন, নাসের রহমান প্রভাব খাটিয়ে ২০০৩ সালের ১৮ নভেম্বর তাকে গ্রেপ্তার করান এবং সহযোগীদের নিয়ে শ্রীমঙ্গল থানা হাজতে তার ওপর নির্যাতন চালান।
সিলেট নগরীর মীরাবাজারের বাসিন্দা ঠিকাদার নূরুজ্জামান চলতি বছরের ১৬ ফেব্র"য়ারি সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। পরদিন মামলাটি নথিভূক্ত করা হয়।
গত ১৬ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোপত্র দাখিল করেন। এর পর ৬ আগস্ট ছয় জনের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন হয়।
গত ৮ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও ওই দিন নাসের রহমানকে আদালতে হাজির না করায় তারিখ পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০০৪ ঘ.
bdnews24