২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৫ নৌ-ডাকাত গ্রেপ্তার

সাভারের আমিনবাজার এলাকায় শনিবার ভোররাতে পাঁচ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার রড, পাইপ, কাঁচি ও ছোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 09:42 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

সাভার, আগস্ট ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিনবাজার এলাকায় শনিবার ভোররাতে পাঁচ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার রড, পাইপ, কাঁচি ও ছোরা। সাভার থানার সহকারী উপপরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, আমিন বাজারে তুরাগ নদীতে একটি ট্রলারে বসে এক দল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- গোপন সূত্রে এ খবর পেয়ে সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ডাকাত দলকে ধাওয়া করে। এক পর্যায়ে সালেপুর সেতুর কাছে ডাকাতরা নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে সাধাপুরের বেরাইদ এলাকায় গিয়ে ওঠে। এদিকে খবর পেয়ে আনোয়ার হোসেন পুলিশের অপর একটি দল নিয়ে সাধাপুর এলাকায় অভিযান চালান। ওই সময় সাধাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাঁচ নৌ-ডাকাতকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃতরা হলেন, পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাইল গ্রামের সেলিম মিয়া (২৫), একই উপজেলার আলোকদিয়া গ্রামের সুলতান হাওলাদার (২২), নারায়ণগঞ্জের সদর উপজেলার বাবুরাইল গ্রামের নূর আল-আমিন (২৫), মাদারীপুরের কালকিনি উপজেলার গজাদী গ্রামের সজল হোসেন (২৪) ও বগুড়ার গাবতলী উপজেলার মুসনাতলা গ্রামের খলিল হাওলাদার (২২)। পুলিশ কর্মকর্তা আনোয়ার জানান, গ্রেপ্তারকৃতরা সকলেই নৌ-ডাকাত। তাদের দলের সদস্য সংখ্যা ১৩ জন। তাদের বাহিনীর সর্দারের নাম শহীদ। শহীদসহ পালিয়ে যাওয়া আট জনের মধ্যে আরও দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মাসুদ ও সুলতান। ডাকাতদের কাছ থেকে একটি বড় লোহার পাইপ, দুটি বড় লোহার রড, দুটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি ধারালো কাঁচি পাওয়া গেছে জানিয়ে আনোয়ার হোসেন বলেন, "এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪০ ঘ.