চট্টগ্রাম, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আমিন জুট মিলসের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তবে বৃহস্পতিবারের সংঘর্ষের জন্য পুলিশ ও শ্রমিকরা একে অপরকে দোষারোপ করেছে।
সাপ্তাহিক ছুটির কারণে শুক্রবার কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা কেউ আসেননি। এ কারণে সংঘর্ষের উত্তাপ নতুন করে আর দেখা যায়নি।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত আমিন জুট মিলস এলাকা এবং কলোনি ঘুরে সেখানকার পরিস্থিতি শান্ত দেখা যায়। পুলিশ ও বিডিআর কারখানার মূল ফটকে অবস্থান করছে।
তবে বৃহস্পতিবারের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। বিকাল ৩টা পর্যন্ত লাশটি মর্গে পড়ে ছিল বলে জানান ডোম অর্জুন।
কারখানার মহাব্যবস্থাপক আমিনুর রহমান শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাতের শিফটে ভালোভাবেই কাজ হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক আছে।
তিনি বলেন, "রাতে যে সব শ্রমিক কারখানায় এসেছে তাদের সবাইকে এক সপ্তাহের বেতন দেওয়া হয়েছে। অনুপস্থিত শ্রমিকদের বেতন শনিবার দেওয়া হবে।"
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক গোলাম রসুল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাস্থল থেকে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদের আটজন নিজেদের শ্রমিক বলে দাবি করেছে। অন্যরা বহিরাগত।
সংঘর্ষের ঘটনায় থানায় দায়ের করা মামলায় শ্রমিক ও বহিরাগত মিলে অজ্ঞাত ৫ শ থেকে ৬ শ জনকে আসামি করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
আমিন জুট মিল সিবিএ এর প্রচার সম্পাদক সেলিম হোসেনসহ একাধিক শ্রমিক বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, পুলিশের বাড়াবাড়ির কারণেই সামান্য বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছিল।
নিহত যুবককে পুলিশই পিটিয়ে মেরেছে বলে দাবি করছেন শ্রমিকরা। তবে পুলিশ বলছে, সংঘর্ষেও সময় দৌড়ে পালাতে গিয়ে গুরুতর জখম হন ওই যুবক। আর সে কারণেই তার মৃত্যু হয়।
পিটিয়ে হত্যার কথা অস্বীকার করেন পাঁচলাইশ থানা জোনের সহাকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান। সংঘর্ষে ওই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছিলেন।
তিনি শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোরকে বলেন, "পুলিশ দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে ছিল। শ্রমিকদের ইট ও পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হলেও অ্যাকশনে যায়নি। পরিস্থিতি যাতে আরো খারাপ না হয় সেজন্য বাধ্য হয়ে তারা আ্যকশনে যায়।"
তবে পুলিশ ও শ্রমিক উভয় পক্ষই জানিয়েছে, সংঘর্ষেও সময় শ্রমিকদের চেয়ে বহিরাগতদের উপস্থিতি বেশি ছিল এবং তারাই ছিল সক্রিয়।
চট্টগ্রামের বৃহত্তম রাষ্ট্রীয় এই পাটকল শ্রমিকরা বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সকাল থেকে বিকাল পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএইচবি/এমআই/১৭৪৯ ঘ.
bdnews24