রাজশাহী, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে রাজশাহীর আদালতে আরও একটি মামলা হয়েছে।
চাকরি দেয়ার নামে এক লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রাজশাহীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সারোয়ার মোর্শেদের আদালতে বুধবার নতুন মামলাটি করেন তানোর উপজেলার জুরানপুর গ্রামের রমজান আলী।
মামলায় আমিনুল হক ছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি ও মন্ডুমালা পৌরসভার চেয়ারম্যান শীষ মোহাম্মদসহ সাত জনকে আসামি করা হয়েছে।
আদালত তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে।
এজাহারে বলা হয়, রাজশাহী শিক্ষা বোর্ডে এমএলএসএস পদে চাকরি দেয়ার নামে ২০০৪ সালের ১৩ সেপ্টেম্বর আমিনুল হক তার সহযোগির মাধ্যমে বাদির কাছ থেকে ১ লাখ ৬৫ হাজার টাকা নেন। কিন্তু বাদি চাকরিও পাননি এবং তার টাকাও ফেরত দেয়া হয়নি।
বাদি তার অভিযোগে বলেন, ব্যরিস্টার আমিনুল হকের ঘনিষ্ঠ সহযোগী জেলা বিএনপির সহ-সভাপতি ও মন্ডুমালা পৌরসভার চেয়ারম্যান শীষ মোহাম্মদ তার কাছ থেকে টাকা নেন। আসামিরা টাকা নিয়ে চাকরি না দিলেও তাদের নামে মামলা করা সম্ভব হয়নি।
বর্তমানে অনুকুল পরিবেশ তৈরি হওয়ায় আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে বাদী তার এজাহারে উল্লেখ করেন।
জরুরি অবস্থা জারির পর ব্যারিস্টার আমিনুলের হকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় জমিদখল ও প্রতারণার অভিযোগে তিনটি ও জঙ্গি মদদদানের অভিযোগে তিনটি, তানোরে সরকারি গাছ কাটার অভিযোগে দুটি এবং নাটোরের নলডাঙ্গায় একটিসহ এ নিয়ে মোট ১০টি মামলা হলো।
এর মধ্যে জঙ্গি মদদদানের দায়ে একটি মামলায় তার ৩১ বছর ছয় মাস সাজা হয়েছে। তবে ব্যারিস্টার আমিনুল জরুরি অবস্থা জারির পর থেকেই পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫০ ঘ.
bdnews24