২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যা মোকাবেলায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ: রাষ্ট্রপতি

দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে বন্যা মোকাবেলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে বন্যা মোকাবেলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। বুধবার শরীয়তপুর জেলার বন্যা দুর্গত এলাকা পরির্দশন করে ত্রাণ বিতরণ শেষে স্থানীয় সার্কিট হাউজে এক সুধী সমাবেশে রাষ্ট্রপতি বলেন, ''সরকার বন্যার্ত মানুষের দুর্দশা লাঘবে সব ধরনের পদক্ষেপ নিয়েছে। বেসামরিক প্রশাসনের পাশাপাশি সামরিক বাহিনী রাতদিন কাজ করে যাচ্ছে। " রাষ্ট্রপতি বলেন, সরকারের একার পক্ষে দুর্যোগ মোকাবেলা করা কঠিন। এজন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টা। যার যতটুকু সাধ্য আছে, তাই নিয়ে দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ''দেশের বৃহৎ অংশ আজ বন্যা কবলিত। দুর্গত নারী ও শিশুরা নিদারুণ কষ্টে দিন যাপন করছে। তাদের দুঃখ লাঘব করা ও বিপদে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। '' তিনি আরো বলেন, "ত্রাণ কার্যক্রমসহ বন্যার্তদের কল্যাণে নেওয়া উদ্যোগ অবশ্যই সুপরিকল্পিত ও সুসমন্বিত হতে হবে।" রাষ্ট্রপতি বন্যা -পরবর্তী পানিবাহিত রোগের ব্যাপারে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানান। সেইসঙ্গে কৃষি ব্যবস্থাপনা এবং ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের আরো তৎপর হতে বলেন। শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, বেসামরিক ও সামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা এই সুধী সমাবেশে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর শরীয়তপুর প্রতিনিধি জানান, রাষ্ট্রপতি সকালে হেলিকপ্টারে করে স্থানীয় পুলিশ লাইনে অবতরণ করার পর সেখান থেকে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে যান। সেখানে তিনি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, শরীয়তপুর জেলা প্রশাসক হাবিবুর রহমান খান, কর্নেল নাসিম, লে. কর্নেল শাহ নূর জিলানি, লে. কর্নেল সেলিম, পুলিশ সুপার শাহরিয়ার রহমান এ সময় সেখানে উপস্থিত ছিলেন। দুপুরে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে শরীয়তপুর ত্যাগ করেন। বিডিনিউজ টুয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এসএম/জেকে/১৬৫৭ ঘ.