সিলেট, আগস্ট ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছেলে নাসের রহমানসহ সাত জনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা চাঁদাবাজি মামলার অভিযোগ গঠন হবে সোমবার।
ঠিকাদার নূরুজ্জামানের দায়ের করা চাঁদাবাজির মামলাটির ধার্য দিন রোববার সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল গফুর অভিযোগ গঠনের নতুন তারিখ নির্ধারণ করে মামলাটি তৃতীয় জজ আদালতে পাঠিয়ে দিয়েছেন। নাসের রহমানসহ মামলার অন্যতম আসামি আরিফুল হক চৌধুরী ও ফয়জুল করিম ময়ুনকে এদিন আদালতে হাজির করা হয়।
গত ১২ জুলাই এ মামলার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও সে দিন নাসের রহমান আদালতে উপস্থিত না থাকায় তা পিছিয়ে রোববার নির্ধারণ করা হয়েছিল।
মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য নাসের রহমান ও ময়ুনের পক্ষ থেকে রোববার আদালতে আবেদন জানানো হয়। ওই আবেদন শুনানিও সোমবার হবে বলে নির্দেশনা দেয় আদালত।
এছাড়া মামলার বাদি নূরুজ্জামান এর আবেদনের পরিপ্রেক্ষিতে দুই জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার বিষয়ে আদালত জানায়, বিচার প্রক্রিয়া চলাকালেই তা নেওয়া হবে।
অভিযোগ তদন্তকালে বাদি এজাহারে নাম উল্লেখ না করায় তদন্ত কর্মকর্তা দুই জন সাক্ষীর সাক্ষ্য নেননি। পরে বাদি নামগুলো অন্তর্ভুক্ত করে তদন্ত কর্মকর্তাকে তাদের সাক্ষ্য নেওয়ার সুযোগ দেওয়ার আবেদন জানান।
এজাহারে বলা হয়, ২০০২-০৩ অর্থ বছরে সওজের ৩২ কোটি টাকার ঠিকাদারি কাজ পাওয়ার বিনিময়ে নাসের রহমান বাদির কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ২০ অক্টোবর বাবার প্রভাব খাটিয়ে নাসের রহমান ওই দরপত্রের কার্যাদেশ বাতিল করান। কাজের জন্য যে জামানত দেওয়া হয়েছিল, সে ২ কোটি ৮৫ লাখ টাকাও বাদিকে ফেরত দেওয়া হয়নি।
উপরন্তু ২০০৩ সালের ১৮ নভেম্বর মিথ্যা মামলায় গ্রেপ্তার করিয়ে শ্রীমঙ্গল থানা হাজতে আটকে রেখে নাসের রহমান নিজে উপস্থিত থেকে সহযোগীদের নিয়ে বাদিকে মারধর করেন বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
সিলেট নগরীর মীরাবাজারের বাসিন্দা নূরুজ্জামান গত ১৬ ফেব্র"য়ারি সিলেট কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এর এক মাস পর গত ১৬ মে সিলেট ১ নম্বর আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাবেক সাংসদ নাসের রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি আরিফুল হক, মৌলভীবাজার পৌরসভার চেয়ারম্যান ময়ুনসহ মামলার অপর আসামিরা হলেন মৌলভীবাজার বিএনপির যুগ্ম সম্পাদক ওয়ালি সিদ্দিকী, মৌলভীবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবদুল খালেক, সিলেটের তৎকালীন নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, সিলেটের তৎকালীন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসমত-উদ-দৌলা।
এদের মধ্যে নাসের রহমান, আরিফুল হক ও ময়ূন বর্তমানে কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৮ ঘ.
bdnews24