২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

সেনা কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের টাস্কফোর্সের সদস্য পরিচয় দিয়ে সাবেক সাংসদ, শিল্পপতিসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাজধানীর বিমান বন্দর সড়কের একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 08:07 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সেনা কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের টাস্কফোর্সের সদস্য পরিচয় দিয়ে সাবেক সাংসদ, শিল্পপতিসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে র‌্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাজধানীর বিমান বন্দর সড়কের একটি হোটেলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো আমিনুল ইসলাম ওরফে লিটন (৩৩) শাহজাহান কবির শিপলু (২৮) এবং আহসান হাবীব (৩০)। এদেরমধ্যে প্রথম দুজন লে. কর্ণেল পরিচয় দিতেন। বিমান বন্দর সড়কের হোটেল র‌্যাডিসন ওয়াটার গার্ডেনের সামনে থেকে গ্রেপ্তারের সময় তাদের কাছে প্রতারণার মাধ্যমে আদায় করা তিন লাখ সাতানব্বই হাজার একাত্তর টাকা পাওয়া যায় বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব সদর দপ্তরের স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ফজল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এরা দুই মাস ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, ব্যবস্থাপক, সরকারি কর্মকর্তা এবং সাবেক সাংসদদের কাছে নিজেদের সেনা ও দুদক-টাস্কফোর্সের কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি করে আসছিল। প্রথম দুজন লে. কর্নেল হুমায়ন কবীর এবং লে. কর্ণেল জাকারিয়া নাম ব্যবহার করত। এ ব্যাপারে কয়েকটি অভিযোগ জমা হলে র‌্যাব ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তদন্ত শুরু করে। র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম লিটন লে. কর্ণেল পরিচয়ে মৎস ভবনের সুপারিনটেডেন্ট ইঞ্জিনিয়ার এএকেএম ব্রাহ্মণ, আমিন মোহাম্মদ গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক সাংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, নাটোরের সাবেক সাংসদ গোলাম মোর্শেদ, একমি ল্যাবরেটরিজের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহা, মিরপুরের সাবেক সাংসদ এসএ খালেক, চেম্বারস অফ কমার্সের সভাপতি শায়েরুজ্জামান মর্তুজা এবং গ্লাক্সো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকসহ সমাজের বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা চেয়ে টেলিফোন করেন। এরা ইতিমধ্যে কয়েকজনের কাছ থেকে টাকা আদায়ও করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/ ০১৫২ ঘ.