ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)য় বিদেশি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা বাতিলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবেদনের শুনানি আগামী ২২ আগস্ট নির্ধারণ করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচার মো. আতাউর রহমান খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ নির্ধারণ করেন।
সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুর রউফ মিয়া শুনানির তারিখ নির্ধারণের আবেদন জানিয়ে বলেন, মামলা বাতিলে হাসিনার আবেদনটি ২০০২ সালের। তার অন্য কয়েকটি মামলা বাতিলের জন্যও আবেদন শুনানির তারিখ ধার্য করা হয়েছে। তাই সব মামলাগুলোর শুনানি একসঙ্গে করা যাবে।
এই আবেদনের বিরোধিতা করে হাসিনার কৌসুলি ব্যারিস্টার ফজলে নূর তাপস চার সপ্তাহের আবেদন জানিয়ে বলেন, মামলার বিষয়ে শেখ হাসিনার পরামর্শ করা প্রয়োজন। কিন্তু তিনি কারাবন্দী বলে তার সঙ্গে দেখা করার বিষয়টি সময় সাপেক্ষ। এছাড়া প্রধান কৌসুলি ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ কিছুটা অসুস্থ।
এসব যুক্তি দেখিয়ে তিনি শুনানির জন্য আরো সময় প্রার্থনা করেন। এরপর আদালত তিন সপ্তাহ সময় দিয়ে ওই তারিখ নির্ধারণ করেন।
বেপজায় পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ২০০২ সালের ১৮ ডিসেম্বর মামলাটির নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করেন। একই সঙ্গে মামলাটি কেনো বাতিল করা হবে না, তা কারণ দর্শনোর জন্য সরকারকে নোটিশ দেন।
২০০১ সালের ১১ ডিসেম্বর সাবেক দুর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা আব্দুল্লা আল জাহিদ তেজগাঁ থানায় হাসিনাসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, নীতিমালা লঙ্ঘন করে দরপত্র আহ্বান ছাড়াই পছন্দের ফার্মকে পরামশর্ক নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারও করা হয়েছে। এতে সরকারের তিন লাখ ৬২ হাজার ২৩৬ ডলার ক্ষতি হয়।
মামলায় হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে ২০০২ সালের ১৮ জুন চার্জশিট দেওয়া হয়। ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/বিআর/জিএনএ/১২০০ ঘ.
bdnews24