ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগরীতে বন্যা পরিস্থিতি মোকাবেলায় ডিএনডি বাঁধ এলাকায় নতুন আটটি এবং নারায়ণগঞ্জ এলাকায় ১৫টি পাম্প চালু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফলে ওই এলাকার বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হচ্ছে। তবে ভারী বর্ষণ হলে পরিস্থিতির অবনতি ঠেকানো যাবে না বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী।
ঢাকা মহানগরী এলাকার বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পানি নিষ্কাশণ ব্যবস্থা নিয়ে স্থানীয় সরকার বিভাগের এক সভায় রোববার তিনি এ কথা জানান। স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এতে সভাপতিত্ব করেন।
সভাশেষে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের বলেন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ডিএনডি বাঁধ এলাকার পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ঢাকা সিটি করপোরেশন বন্যা উপদ্রুত এলাকায় যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে বাঁশের সাকো এবং ছোট নৌকার ব্যবস্থা করবে।
তিনি আরো বলেন, ঢাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে আবারো অভিযান শুরু করেছে সরকার। অভিযানের অংশ হিসেবে ২৬ আগস্টের মধ্যে সাতটি খাল উদ্ধার করা হবে। এগুলো হচ্ছে- মান্ডা খাল, সেগুনবাগিচা খাল, ইব্রাহিমপুর খাল, কল্যাণপুর (১, ২ ও ৩) খাল, রামচন্দ্র খাল ও কাটাসুর খাল।
উপদেষ্টা জানান, খাল উদ্ধার অভিযানে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদের একটি তালিকা করা হয়েছে। বিশ্বব্যাংক তাদের আর্থিক সহায়তা দেবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "শুধুমাত্র বিশ্বব্যাংকের তালিকায় যাদের নাম আছে, সরকার তাদেরই পুনর্বাসন করবে। যারা সরকারি জমি দখল করে বসবাস করছিল তাদের বিষয়ে সরকার ভাববে না।"
এর আগে বিভিন্ন সময়ে উচ্ছেদ হওয়া ৫০ হাজার লোকের পুনর্বাসনের কোনো উদ্যোগ সরকার নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আগে কতো উচ্ছেদ হয়েছে সে সম্পর্কে আমি কিছুই জানি না। তবে বস্তিবাসীদের উচ্ছেদের ব্যাপারে বিশ্বব্যাংকের আপত্তি রয়েছে। তারা চায় পুনর্বাসনের ব্যবস্থা করে বস্তিবাসীদের উচ্ছেদ করা হোক। কিন্তু তারা টাকা না দিলে তো দিনের পর দিন এসব খাল দখলদারদের হাতে রাখা সম্ভব নয়।"
উপদেষ্টা সভায় জানান, ঢাকার পূর্ব অংশে আরো একটি বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে। দেশের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে ওষুধ ও বিশুদ্ধ খাবার পানির সরবরাহ নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এবং ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) নির্দেশ দেন তিনি।
স্থানীয় সরকার সচিব সফররাজ হোসেন, এলজিইডির প্রধান প্রকৌশলী শহিদুল হাসানসহ বিভিন্ন সরকারি সংস্থা ও অধিদপ্তরের প্রতিনিধিরা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/০০৩৩ ঘ.
bdnews24