২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মৈত্রী' কলকাতা পৌঁছেছে রমজানের আগেই প্রস্তুতি শেষের আশাবাদ

ঢাকা থেকে এবার কলকাতা গেছে পরীক্ষামূলক ট্রেন মৈত্রী। রোববার সকাল ৭টা ২ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করে ভারতের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা পৌঁছেছে। ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর ক্ষেত্রে ভারতের প্রস্তুতি দেখতেই মৈত্রীর এই যাত্রা। ট্রেনটিতে আছেন বাংলাদেশ সরকারের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল। কলকাতা পৌঁছে প্রতিনিধি দলের নেতা যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, দু'দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ শুরুর ক্ষেত্রে ভারতের প্রস্তুতি তুলনামুলকভাবে ভালো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 01:35 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা থেকে এবার কলকাতা গেছে পরীক্ষামূলক ট্রেন মৈত্রী। রোববার সকাল ৭টা ২ মিনিটে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যাত্রা শুরু করে ভারতের স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতা পৌঁছেছে। ঢাকা-কলকাতা সরাসরি ট্রেন সার্ভিস চালুর ক্ষেত্রে ভারতের প্রস্তুতি দেখতেই মৈত্রীর এই যাত্রা। ট্রেনটিতে আছেন বাংলাদেশ সরকারের ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল। কলকাতা পৌঁছে প্রতিনিধি দলের নেতা যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইল সাংবাদিকদের কাছে মন্তব্য করেন, দু'দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ শুরুর ক্ষেত্রে ভারতের প্রস্তুতি তুলনামুলকভাবে ভালো। কলকাতা থেকে আমাদের এক সংবাদদাতা জানান, এটিকেএম ইসমাইল এসময় বলেছেন, "আশা করছি, আগামী রমজানের আগেই আমরা ট্রেন চলাচল শুরুর প্রস্তুতি শেষ করতে পারব। " তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে হবে বলে তিনি জানান। সোম ও মঙ্গলবার বাংলাদেশী প্রতিনিধিদলটি ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠক করবে। আমাদের সিনিয়র প্রতিবেদক কামরান রেজা চৌধুরী জানান, দলনেতা এটিকেএম ইসমাইল ইঙ্গিত দিয়েছেন, বৈঠকে বাংলাদেশ পক্ষ ট্রেন যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার স্থান নির্ধারণ বিষয়ে তার আগের অবস্থান পরিবর্তন করতে পারে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে কলকাতা যেতে ইচ্ছুক ট্রেন যাত্রীদের ইমিগ্রেশন ও কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা ঢাকার ক্যান্টনমেন্ট রেলস্টেশনে সম্পন্ন করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু বিডিআরসহ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনী লিখিতভাবেভাবে সরকারের কাছে এ প্রস্তাবের বিরোধিতা করায় এখন সীমান্তবর্তী দর্শনা স্টেশনকে ইমিগ্রেশনের জন্য বিবেচনা করা হচ্ছে। চলতি মাসের ১০ তারিখে বিডিআর এর মহা পরিচালকের পক্ষে সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে ক্যান্টনমেন্ট স্টেশন ব্যবহারে তাদের আপত্তির কথা জানিয়েছেন। ওই চিঠিতে বলা হয়, ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেন যাত্রীদের ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা শেষ করার সিদ্ধান্ত হলে বাংলাদেশের জন্য হবে তা আত্মঘাতী। এর ফলে আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের সহজ যাতায়াতের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। রোববার সকালে কলকাতা যাত্রা করার আগে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে এটিকেএম ইসমাইল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্যান্টনমেন্ট স্টেশনে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করার আগের সিদ্ধান্ত থেকে আমরা সরে আসতে পারি।" সোম-মঙ্গলবারের বৈঠকে ভারত ও বাংলাদেশ পক্ষ সরাসরি ট্রেন চালুর ক্ষেত্রে বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা করবে। অবশ্য চোলাচালান রোধে দুই দেশের সীমান্তবর্তী দর্শনা ও গেদে স্টেশনে কাটাতারের খাঁচা নির্মাণে ভারতের দাবির ব্যাপারে বাংলাদেশ বৈঠকে কী অবস্থান নেবে সেটি স্পষ্ট জানা যায়নি। যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ইসমাইলও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। সাংবাদিকদের প্রশ্নের মুখে রোববার সকালে তিনি বলেন, "কাটাতারের খাঁচা সম্পর্কে আমি কিছু জানাতে পারছি না। এটি পুরোপুরি নীতিনির্ধারকদের বিষয়।" এবারের মৈত্রীর যাত্রায় বাংলাদেশী প্রতিনিধি দলে আছেন উপদেষ্টার কার্যালয়, যোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কাস্টমস কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর কর্মকর্তারা। এদিকে আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, ভারতগামী বিশেষ ট্রেনটি বেলা ১২টা ৪৫ মিনিটে দর্শনা রেল স্টেশনে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা সেরে বেলা ১টা ৫৫ মিনিটে ট্রেনটি ভারতের উদ্দেশে দর্শনা ছাড়ে বলে স্টেশন মাস্টার বেলাল হোসেন জানান। সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে আলোচনার জন্য গত ৮ জুলাই ৩২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল কলকাতা থেকে ট্রেনে ঢাকায় এসেছিলেন। তাদের সঙ্গে দু'দিনের (৯ ও ১০ জুলাই) আলোচনায় ভারতীয় পক্ষের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য বাংলাদেশী প্রতিনিধিদের নিয়ে একটি পরীক্ষামূলক ট্রেনের কলকাতা যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/জিএমএ/এসি/এসকে ১৯১০ ঘ.