চুয়াডাঙ্গা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামে ধর্ষণ ও জোড়াখুনের মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. মোতাহার হোসেন বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
আসামিরা হলেন, আলমডাঙ্গা উপজেলার রায়লক্ষ্মীপুর গ্রামের সুজন (৩০), আজিদ ওরফে আজিজুল (৩২) ও মিন্টু ওরফে কালু (২৮)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রায়লক্ষ্মীপুর গ্রামের হাফিজউদ্দিনের স্ত্রী কমলা খাতুন (৪০) ও পার্শ্ববর্তী হাকিমপুর গ্রামের মৃত রহিম মণ্ডলের স্ত্রী ফিঙ্গে খাতুনকে (৪৩) ধর্ষণের পর জবাই করে হত্যা করে আসামিরা।
এই ঘটনায় নিহত কমলা খাতুনের মেয়ে নার্গিস বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক স্বপন কুমার সাহা ২০০৪ সালের ১৫ জানুয়ারি ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ১৯ জনের সাক্ষ্য নেওয়ার পর বিচারক বৃহস্পতিবার আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মামলার রায়ে বাদি নার্গিস বেগম সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামী পক্ষের আইনজীবী নুরুল ইসলাম জানান, তারা উচ্চ আদালতে যাবেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২২০৯ ঘ.
bdnews24