২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা-যমুনায় পানি বাড়ছে, কমছে দক্ষিণ-পূর্বাঞ্চলে

দেশের গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদীগুলোর পানি বাড়লেও সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের নদীগুলোর পানি কমেছে। চট্টগ্রাম ও ফেনীতে প্লাবিত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। রাজধানীতে রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি দেখা গেলেও দুপুরে পর থেকে আবার শুরু হয় বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা আরিফুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার কানাইঘাট পয়েন্টে পানি সোমবারের তুলনায় ছয় সেন্টিমিটার কমে এখনও বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমার সুনামগঞ্জ পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি কমেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 07:54 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার নদীগুলোর পানি বাড়লেও সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের নদীগুলোর পানি কমেছে। চট্টগ্রাম ও ফেনীতে প্লাবিত এলাকা থেকে পানি নেমে যেতে শুরু করেছে। রাজধানীতে রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালে আবহাওয়ার কিছুটা উন্নতি দেখা গেলেও দুপুরে পর থেকে আবার শুরু হয় বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা আরিফুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পদ্মার গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমার কানাইঘাট পয়েন্টে পানি সোমবারের তুলনায় ছয় সেন্টিমিটার কমে এখনও বিপদ সীমার এক সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সুরমার সুনামগঞ্জ পয়েন্টে ১৪ সেন্টিমিটার পানি কমেছে। ফলে এ পয়েন্টে পানি বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে বয়ে যাচ্ছে। গোমতীর কুমিল্লা পয়েন্টে পানি ২৪ সেন্টিমিটার কমে এখনও বিপদ সীমার ১১১ সেন্টিমিটার ওপরে রয়েছে। তবে গোমতীর দেবিদ্বার পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বেড়েছে। বর্তমানে এ পয়েন্টে পানি বিপদ সীমার ১৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি ৯ সেন্টিমিটার বেড়ে তা বিপদ সীমা ছুঁইছুঁই করছে। পানি বেড়েছে যমুনাতেও। আরিচা পয়েন্টে যমুনার পানি ১৩ সেন্টিমিটার বাড়লেও তা এখনও বিপদ সীমার নিচে। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তা বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। সোমবার রাত থেকেই রাজধানীতে প্রবল বর্ষণ হচ্ছিল। মঙ্গলবার সকালে বর্ষণ তা অব্যাহত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে বৃষ্টির ঝাপটা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এ ছাড়া দেশের তিনটি সমুদ্র বন্দরকে দেখানো হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। আবহাওয়াবিদ আয়েশা খাতুন জানিয়েছেন, সঞ্চারনশীল মেঘমালার জন্য দেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দর তিনটিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে ঢাকা থেকে ঢাকার দক্ষিণের নদী বন্দরসমূহের জন্য দুই নম্বর সতর্ক সংকেত এবং দেশের অন্যান্য নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার রাজশাহী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন খেপুপাড়ায় ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সূর্য অস্তমিত হবে ৬টা ৪৬ মিনিটে এবং বুধবার সূর্যোদয় হবে ৫টা ২৪ মিনিটে। চট্টগ্রাম থেকে আমাদের প্রতিবেদক রুহুল আমিন রানা জানান, সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া ও রাঙ্গুনিয়া উপজেলার নিমজ্জিত এলাকা থেকে পানি সরতে শুরু করেছে। সাতকানিয়ার বাসিন্দা নাজিম মুহাম্মদ জানান, শঙ্খ নদীর ঢলে তলিয়ে যাওয়া উপজেলার সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমিলাইষ, নলুয়া ও চরতী ইউনিয়নের বিভিন্ন গ্রামে এখন আর পানি নেই। তবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের ভোগান্তি শেষ হয়নি। আমিলাইষ ইউপি চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী জানান, গত কয়েকদিনের বন্যায় ইউনিয়নের প্রায় তিন কিলোমিটার এলাকায় নদীগর্ভে চলে গেছে শতাধিক বাড়ি। তিনি বলেন, সরকারি ভাবে দুই টন চাউল ও ৭ হাজার নগদ টাকা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। ভাঙনের স্থায়ী সমাধানে সরকারের কাছে জরুরি ভিত্তিতে বেঁড়ি বাধ নির্মাণের আবেদন জানান তিনি। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহরুল হক জানান, আমিলাইষ ও চরতী এলাকাকে ভাঙনের হাত থেকে রক্ষায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। সাতকানিয়া ছাড়াও চন্দনাইশের বড় মা ও জোয়ারা ইউনিয়ন, পটিয়ার ছনহরা ও কচুয়া এবং রাঙ্গুনীয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গিয়েছিল। তবে গত দুই দিন থেকে পানি কমে যেতে শুরু করেছে বলে জেলা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে। জেলা ত্রাণ ও পুর্নবাসন কার্যালয়ে অবস্থিত নিয়ন্ত্রণ কক্ষের সহকারী অফিস সহকারী ফয়জুল ইসলাম জানান, পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নতির দিকে। প্রয়োজন অনুযায়ী সকল উপজেলায় ত্রাণ পাঠানো হয়েছে। তিনি জানান, এসব এলাকার বীজতলা ও মৌসুমী ফসলী জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পরিমাপ করার জন্য জেলা কৃষি অফিস কাজ শুরু করেছে। ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারা জানান, পরশুরাম ও ফুলগাজী উপজেলায় খুব ধীরে হলেও পানি কমছে। তবে ছাগলনাইয়া উপজেলায় কয়েকটি স্থানে পানি বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান জানিয়েছেন, মুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, এক দিনের ব্যবধানে পরশুরাম পয়েন্টে এ নদীর পানি প্রবাহ ২০৫ সেন্টিমিটার হ্রাস পেয়েছে। ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী জানান, রেডক্রিসেন্টের সহায়তায় বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ অব্যাহত আছে। পর্যাপ্ত নৌ-যান না থাকায় অনেক স্থানে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। তিনি জানান, বন্যা কবলিত অনেক পরিবার বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে আসতে চাচ্ছেন না। এদিকে ছাগলনাইয়া উপজেলার কালাপুল এলাকায় নির্মাণাধীন পুলের পাশে ডাইভারশন কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে। ফলে ছাগলনাইয়ার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিকল্প পথে লোকজন যাতায়াত করছে। অপরদিকে সদর উপজেলার শর্শদি, ধর্মপুর, কাজীরবাগের কয়েকটি গ্রাম ও পৌর এলাকার রামপুর, সহদেবপুর, লালপুল, বিরিঞ্চি একাডেমী, জাহির রোড, মিজান রোড সহ বিভিন্ন পাড়ায় পানি বেড়েছে। জেলা প্রশাসক মো. মাছুম খান ও ফেনী পৌর চেয়ারম্যান নুরুল আবসারের নেতৃত্বে সোমবার ও মঙ্গলবার বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/এমআই/১৩৪৯ ঘ.