২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনগণকে প্রস্তুত থাকতে বলেছেন হাসিনা: আইনজীবী

অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে কারাবন্দি আওয়ামী লীগ প্রধান ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা পুনরায় ব্যক্ত করেছেন। রোববার সংসদ ভবনের বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিকাল ৫ টার দিকে বিশেষ কারাগারে ঢুকে তিনি প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান করেন। তার আগে বিকেল পৌনে চারটার দিকে ব্যারিস্টার ফজলে নূর তাপস কারারুদ্ধ শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি প্রায় পৌনে এক ঘণ্টা পর বেরিয়ে আসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:27 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে কারাবন্দি আওয়ামী লীগ প্রধান ন্যায়বিচার না পাওয়ার শঙ্কা পুনরায় ব্যক্ত করেছেন। রোববার সংসদ ভবনের বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিকাল ৫ টার দিকে বিশেষ কারাগারে ঢুকে তিনি প্রায় ৪৫ মিনিট সেখানে অবস্থান করেন। তার আগে বিকেল পৌনে চারটার দিকে ব্যারিস্টার ফজলে নূর তাপস কারারুদ্ধ শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি প্রায় পৌনে এক ঘণ্টা পর বেরিয়ে আসেন। সাংবাদিকদের তারা দুজনই শেখ হাসিনার প্রায় একই রকম বক্তব্য শোনান। হাসিনার গ্রেপ্তার প্রসঙ্গে এই দুই আইনজীবী বলেন, অভিযোগপত্র দেওয়ার আগে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা সরকারের একটি দুরভিসন্ধীমূলক আচরণ। তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে নয়টি মামলা করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এগুলো হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এসব মামলা আইনগত প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। বর্তমান সরকার যে তিনটি মামলা দিয়েছে এর মধ্যে চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। তার আগেই তাকে গ্রেপ্তার করা হল। তারা বলেন, শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তার বাসা থেকে গাড়ি, ল্যাপটপ এমনকি চেকবই জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে গুলশান থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায়। অথচ তার বাসা থেকে জব্দ করা জিনিস ধানমণ্ডি থানায় পড়ে রয়েছে। এই মামলার নথিপত্রের সঙ্গে জব্দ করা পণ্যের তালিকা এখনো আদালতে পাঠানো হয়নি। এই দুই আইনজীবী বলেন, এই সরকারের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। ব্যারিষ্টার তাপস জানান, তিনি দুর্নীতি দমন কমিশনের আইনসংক্রান্ত কয়েকটি গেজেট এবং আইনের কিছু কাগজ শেখ হাসিনার হাতে তুলে দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমএইচবি/১৮১১ ঘ.