ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ডাকা ছাত্রধর্মঘট আংশিক পালিত হয়েছে। ব্যাপক নিরাপত্তার কারণে বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা প্রায় স্বাভাবিকভাবে চলেছে। তবে শিক্ষার্থীর উপস্থিতি ছিল অনেক কম। প্রতিনিধিদের পাঠানো খবর:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জরুরি অবস্থা উপেক্ষা করে ধর্মঘটের সমর্থনে জগন্নাথ বিশ্বদ্যিালয়ে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ক্যাস্পাসে একটি ককটেল বিস্ফোরিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে ছাত্রলীগের ২৫/৩০ জন নেতাকর্মী ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পুরোন লাইব্রেরির সামনে পৌঁছলে গেটের দেওয়ালে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
সাংবাদিকসহ ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের সামনে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ দাবি করেছেন, এ ধরনের কোনো ঘটনা তার জানা নেই।
অবশ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত কোতয়ালি থানার উপ-পরিদর্শক পলাশ আহমেদ সাংবাদিকদের বলেন, "এক ধরনের আওয়াজ শুনেছি। তবে সেটি কিসের তা নিশ্চিত হতে পারিনি।"
রোববার সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের দেহ তল্লাসি এবং পরিচয় পত্র দেখে ক্যাম্পাসে ঢুকতে দিয়েছে পুলিশ। শিক্ষকদের গাড়িও গেটে আটকে দেওয়া হয়।
নিরাপত্তার এ বাড়াবাড়িতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষকরা। অর্থনীতি বিভাগের প্রভাষক আয়েশা শিরীন জানান, শিক্ষকদের গাড়ি ঢুকতে না দেওয়া অন্যায়।
রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। বেশিরভাগ বিভাগে ক্লাস হয়নি। অবশ্য নির্ধারিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, ছাত্রলীগ নেতাকর্মীরা রোববার সকালে কবি নজরুল সরকারি কলেজের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশের সহায়তায় তালা ভাঙে কলেজ কর্তৃপক্ষ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি। আওয়ামীপন্থী শিক্ষকরা ক্লাসে যোগ দেননি। শিক্ষার্থীর উপস্থিতিও ছিল কম। তবে পরীক্ষাগুলো যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পাসে ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগের কোনো তৎপরতা ছিল না। সম্ভাব্য যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতা।
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক আফসার উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "ছাত্রধর্মঘটের সঙ্গে শিক্ষকদের সম্পর্ক নেই, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অনৈতিকভাবে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেছে বলে এ ধর্মঘটে শিক্ষকদের পরোক্ষ সমর্থন আছে।"
রাজশাহী বিশ্ববিদ্যালয় : বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা চললেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। রাবি শাখা ছাত্রলীগ অর্ধ দিবস ধর্মঘট ডাকলেও ক্যাম্পাসে তাদের কোনো তৎপরতা লক্ষ করা যায়নি। তবে সহিংসতা এড়াতে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
এদিকে, শনিবার রোববার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে মিছিল করার পর তাদের আটক অভিযানে গভীর রাতে পুলিশ ও র্যাবের ১৫/২০টি গাড়ি ক্যাম্পাসে টহল দেয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এনামুল হক জানান, বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক ছিল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় : ধর্মঘটে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে কোনো রকম ব্যঘাত ঘটেনি। ঘটেনি অপ্রীতিকর ঘটনা। সকাল থেকে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। ক্লাস, পরীক্ষা সব কিছুই হয়েছে যথারীতি।
তবে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুুলিশ। কর্তৃপক্ষ বাস চলাচল স্বাভাবিক রাখতে প্রতিটি বাসে তিনজন করে পুলিশের প্রহরা বসায়। শনিবার রাতে 'হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ' এর একটি প্রচারপত্র পাওয়ার পরই বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএআর/জেএফ/এসএনডি/১৮১১ ঘ.
bdnews24