বাগেরহাট, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের হারবারিয়া এলাকা থেকে ৩৯ মন ইলিশ মাছসহ তিনটি ট্রলার আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। গ্রেপ্তার করা হয়েছে ট্রলারের মাঝি-মাল্লা ও সন্দেহভাজন চোরাকারবারীসহ ৪১ জনকে। এসব ইলিশ মাছ ভারতে পাচার করা হচ্ছিল বলে সন্দেহ করা হয়।
রোববার বিকালে আটক করা এই মাছের বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানা গেছে।
কোস্টগার্ড মংলা পশ্চিম জোনের কমাণ্ডার (অপারেশন) কাজী নজরুল ইসলাম জানান, নিয়মিত টহলকালে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অধীন বঙ্গোপসাগরের হারবারিয়া এলাকা থেকে এফবি খালেদ, এফবি শাহ আলম ও এফবি সাহেরা নামে তিনটি ট্রলার আটক করে।
তিনি জানান, এফবি খালেদ থেকে ১৫ মন, এফবি শাহ আলম থেকে ১৪ মন এবং এফবি সায়েরা থেকে ১০ মন ইলিশ মাছ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ মাছ ভারতে পাচার করা হচ্ছিল বলে ট্রলারের সঙ্গে আটক পাচারকারী ও মাঝি-মাল্লারা স্বীকার করেছে।
আটককৃতদের মাছ ও ট্রলারসহ সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনে সোপর্দ করা হয়েছে ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৩৭ ঘ.
bdnews24