ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ এবং ৭২ এর সংবিধান ফিরিয়ে আনতে সুরঞ্জিত সেনগুপ্তের দেওয়া প্রস্তাবের কঠোর সমালোচনা করেছেন আরেক আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সার । তিনি বলেন এটা দ্বিমুখীতা। আমাদের সংবিধান এই ধরনের ক্ষমতা হস্তান্তর অনুমোদন করে না।
আওয়ামী লীগের সংস্কারের ব্যাপারে শুক্রবার নিজের মতামত তুলে ধরতে গিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান 'ষাটোর্ধ্ব নেতারা দলের কোন পদে থাকতে পারবে না' বলে শেখ হাসিনার করা বক্তব্যের সঙ্গেও ভিন্নমত পোষণ করেন। তবে তিনিও দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সভাপতিমণ্ডলীর সদস্য পদে কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবে না বলে মত দিয়েছেন।
শুক্রবার দুপুরে শেখ হাসিনার বাসভবন সুধাসদনের সামনে সাংবাদিকদের সঙ্গে তিনি তার সংস্কার প্রস্তাব নিয়ে কথা বলেন। তিনি বলেন, "আমি সংস্কার চাই। দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সভাপতিমণ্ডলীর সদস্য পদে কেউ দুই মেয়াদের বেশি থাকতে পারবে না, এই প্রস্তাব আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি।"
শেখ হাসিনার ঘনিষ্ট বলে পরিচিত আতাউর রহমান শুক্রবার সকালে সুধাসদনে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু পুলিশ তাকে ঢুকতে দেয়নি।
গত সপ্তাহে আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সুরঞ্জিত সেন গুপ্ত সংস্কারের ব্যাপারে ব্যক্তিগত মতামত প্রকাশ করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/ডিডি/এমএইচবি/০৩২১ ঘ.
bdnews24