ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগে দেশের চাহিদা পূরণ, তারপর রপ্তানি। সে জন্য ইলিশ রপ্তানি ও মজুদ ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে সরকার।
বুধবার আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়।
সভা শেষে মৎস্য উপদেষ্টা সি এস করিম সাংবাদিকদের বলেন, "দেশের বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া, অথচ অল্প দামে দেশ থেকে রপ্তানি হয়ে যাচ্ছে। জাটকাবিরোধী অভিযানের কারণে দেশের মানুষ ইলিশ মাছ খেতে পারেনি। এখনও তারা ইলিশ খেতে পারবে না, তা হয় না। দেশের মানুষের চাহিদা পূরণ না করে রপ্তানি করার মতো মাছ বর্তমানে দেশে না থাকায়ই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে অন্তত ১০ শতাংশ ইলিশ রপ্তানির দাবি করা হলেও তা অগ্রাহ্য করা হয়।
ইলিশ সরবরাহ ও মূল্য ব্যবস্থাপনা নিয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে হয় আন্তঃমন্ত্রণালয়ের ওই সভা।
উপদেষ্টা সি এস করিমের সভাপতিত্ব বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আতাউর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, যৌথবাহিনী, মাছ ব্যবসায়ী ও মাছ রপ্তানিকারক সমিতির প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, দেশের বাজারে প্রতি কেজি ইলিশ ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ ব্যবসায়ীরা প্রতি কেজি ইলিশ মাছ মাত্র ২৩০ থেকে ২৭০ টাকায় রপ্তানি করছেন। ফলে অন্য দেশের মানুষ স্বল্পমূল্যে ইলিশ পেলেও বাংলাদেশের মানুষ তা পারছেন না।
ব্যবসায়ীরা জানান, প্রতি বছর তারা দুই হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি করেন; যা দেশের জন্য বৈদেশিক মুদ্রা আনছে। তারা ইলিশ রপ্তানী ১০ শতাংশ পর্যন্ত অনুমোদনের দাবি জানান।
সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি জানান, ব্যবসায়ীরা দেশের বাজারে ইলিশের চাহিদা পূরণের পরিবর্তে কম দামে ইলিশ রপ্তানি করছেন। ২০০৬ সালের আগস্ট মাসেও প্রতিকেজি মাত্র এক ডলার দরে রপ্তানি হয়েছে। চলতি বছর এপ্রিল মাসেও ইলিশ রপ্তানি হয়েছে দুই দশমিক ৫০ ডলার দরে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৫৫৮ ঘ.
bdnews24