২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার বিএনপি নেতা মোর্ত্তজা ও বন কর্মকর্তা মিজানুর কারাগারে

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজা ও বন কর্মকর্তা শেখ মিজানুর রহমানকে শনিবার কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 11:29 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

খুলনা, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব সাহারুজ্জামান মোর্ত্তজা ও বন কর্মকর্তা শেখ মিজানুর রহমানকে শনিবার কারাগারে পাঠিয়েছে আদালত। অন্যদিকে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেকসহ অপর আট জনের জামিন আবেদনের শুনানি হবে রোববার। সাহারুজ্জামান মোর্ত্তজাকে শুক্রবার সন্ধ্যায় তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। নিজের নামে দুটি পাসপোর্ট রাখার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রাতেই তার বিরুদ্ধে উপ-পরিদর্শক শিবু দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জামিল হোসেন জানান, মোর্ত্তজাকে শনিবার দুপুর সাড়ে ১২টায় থানা থেকে কড়া পুলিশ পাহারায় মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মোর্ত্তজাকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন জানান জামিল হোসেন। তখন বিচারক আতিকুল হক আগামী রোববার ওই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে মোর্ত্তজাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাহারুজ্জামান মোর্ত্তজা খুলনা চেম্বারের পক্ষ থেকে পাকিস্তান সফর শেষে গত ২৭ জুন দেশে ফেরেন। বন সংরক্ষক শেখ মিজানুর রহমানকে পাঁচ দিনের রিমান্ড শেষে শনিবার আদালতে হাজির করা হলে তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আতিকুল হক। মিজানুর রহমানকে ২৪ জুন যৌথবাহিনী গ্রেপ্তার করে। ওই সময় তার বাসা থেকে নগদ তিন লাখ টাকা, চারশ ডলার, ৫০টি যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। অবৈধ ওষুধ রাখার অভিযোগে তার বিরুদ্ধে পরদিন খালিশপুর থানার মামলা হয়। ওই দিনই মামলার তদন্তকারী কর্মকর্তা জামাল উদ্দিন আদালতে বন কর্মকর্তাকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে বিচারক পাঁচ দিন রিমান্ডের নির্দেশ দেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আব্দুল খালেকসহ আট জনকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। জুয়া খেলার অভিযোগে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। শুক্রবার তাদের আদালতে হাজির করা হলে তাদের আইনজীবী জামিনের আবেদন জানান। তখন মহানগর হাকিম আদালতের বিচারক শেফিনা বেগম রোববার ওই আবেদনের গুনানির দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৮ ঘ.