যশোর, জুন ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীর গুদাম থেকে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সাড়ে পাঁচ টন চাল উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
বুধবার কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. নুরুল আমিন তালা থানার ঘাতপুর বাজারে মশিউরের গুদাম থেকে ওই চাল উদ্ধার করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কলিঙ্গ বিহারী শিকদার এই ঘটনায় প্রকল্পের চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধার করা চাল থানায় রাখা হয়েছে।
খান মো. নুরুল আমিন জানান, বিদ্যানন্দ কাটি ইউনিয়নের একটি রাস্তা নির্মাণের জন্য কাজের বিনিময় খাদ্য কর্মসূচির (কাবিখা) আওতায় ১৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রকল্প চেয়ারম্যান রাবেয়া বেগম (ইউপি চেয়ারম্যান) মঙ্গলবার সাড়ে পাঁচ টন চাল তুলে তা কালো বাজারে বিক্রি করে দেন। মঙ্গলবার রাতে ওই চাল মশিউরের গুদামে রাখা হয়। খবর পেয়ে বুধবার চাল উদ্ধার করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, রাবেয়া বেগমসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৪৩ ঘ.
bdnews24