ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সমুদ্রপথে অবৈধভাবে আনা ভারতীয় কাপড়ের বড় ধরনের একটি চালান আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।
সোমবার রাতে মংলা সমুদ্র বন্দর এলাকায় একটি ট্রলার থেকে কাপড়গুলো আটক করা হয়। প্রাথমিক হিসাবে আটক করা কাপড়ের দাম প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন) কাজী নজরুল ইসলাম জানান, সোমবার রাতে নিয়মিত টহলকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের হারবারিয়া এলাকায় 'এমভি মায়ের আশীর্বাদ' নামে ট্রলারটি চ্যালেঞ্জ করেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু চোরাকারবারীরা সংকেত উপেক্ষা করে ট্রলারটি নিয়ে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা এ ট্রলারটি ধাওয়া করে। এক পর্যায়ে চোরাকারবারীরা পশুর নদীর চরে ট্রলার ফেলে সুন্দরবনে পালিয়ে যায়।
মঙ্গলবার মংলায় কোস্টগার্ড পশ্চিম জোনের দপ্তরে সাংবাদিকদের উপস্থিতিতে ওই ট্রলারে পাওয়া কাপড়ের কার্টনগুলো খুলে বিপুল পরিমাণ শাড়ি, থ্রি পিস, জামা ও প্যান্ট পিস পাওয়া যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭১২ ঘ.
bdnews24