চট্টগ্রাম, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের প্রয়োজনেই কাজ করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ।
বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৫৬তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স ও ২৭তম বিএমএ বিশেষ কোর্সে ক্যাডেটদের কমিশন প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দুর্নীতি দূর করা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও একটি অর্থবহ জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জন্য সরকার ও জাতীয় প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করছে সেনাবাহিনী।
কমিশনপ্রাপ্তদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, "বেসামরিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কার্যক্রম দারুণ প্রশংসিত হচ্ছে। তোমরা জাতীয় ইতিহাসের এক উল্লেখযোগ্য অধ্যায়ে সেনাবাহিনীর গর্বিত কর্মকর্তা হিসাবে কমিশন পেতে যাচ্ছ।"
তিনি আরো বলেন, "সেনাসদস্যরা এদেশের জনগণেরই অংশ। তারা এ দেশেরই সন্তান। প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী বরাবর বিপন্ন মানুষের সমব্যাথী হয়েছে। তাছাড়া দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করার কাজেও সেনাবাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।"
অনুষ্ঠানে ৫৬তম দীর্ঘ মেয়াদী কোর্সে ৪৪ জন এবং ২৭তম বিশেষ কোর্সে ১০ জন ক্যাডেট কমিশন পান। এদের মধ্যে চারজন নারী ক্যাডেট রয়েছেন।
ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মো. আশরাফুল আলম ৫৬তম দীর্ঘ মেয়াদী কোর্সে সেরা চৌকস ক্যাডেট নির্বাচিত হয়ে সোর্ড অব অনার পান। এছাড়া সামরিক বিষয়ে বিশেষ কৃতিত্বের জন্য কোম্পানি সিনিয়র আন্ডার অফিসার মো. নাজির উদ্দিন স্বর্ণ পদক পান।
চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সিনা ইবনে জামালী, বিএমএ কমাড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাব্বির উল করিমসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন বিদেশি মিশনের কুটনীতিক ও কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/জেকে/১৫৩৯ ঘ.
bdnews24