২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য ও দেশে ২০ খণ্ড জমি আছে খন্দকার মোশাররফের

কারাবন্দী বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়েছেন। কারাকর্তৃপক্ষের মাধ্যমে দেওয়া এই হিসাবে জানানো হয়েছে, তার নিজের ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্য ও দেশের বিভিন্ন স্থানে ২০ খণ্ড জমি রয়েছে। বিবরণীতে ২ লাখ টাকায় কেনা কবরের জন্য দুই খণ্ড জমির কথা উল্লেখ থাকলেও সম্পত্তির মোট দামের কথা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারাবন্দী বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনে সম্পত্তির হিসাব দিয়েছেন। কারাকর্তৃপক্ষের মাধ্যমে দেওয়া এই হিসাবে জানানো হয়েছে, তার নিজের ও পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্য ও দেশের বিভিন্ন স্থানে ২০ খণ্ড জমি রয়েছে। বিবরণীতে ২ লাখ টাকায় কেনা কবরের জন্য দুই খণ্ড জমির কথা উল্লেখ থাকলেও সম্পত্তির মোট দামের কথা নেই। মঙ্গলবার ছিল হিসাব জমা দেওয়ার জন্য কমিশনের বেঁধে দেওয়া শেষ দিন। এ নিয়ে গত ২৯ থেকে ৩১ মে কমিশনের নোটিশ পাওয়া ২১ জনের সবাই তাদের সম্পত্তির হিসাব কমিশনে জমা দিলেন। কমিশন সচিব দেলোয়ার হোসেন জানান, খন্দকার মোশাররফ কারা কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার সম্পত্তির হিসাব দিয়েছেন। কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী সোমবার সাংবাদিকদের জানান, দুই একদিনের মধ্যে জমা পড়া হিসাবগুলো নিয়ে বৈঠকে বসবে কমিশন। এসব বিবরণী পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর কোনো ত্র"টি বা গড়মিল পাওয়া গেলে কমিশনের লোকজন তা তদন্ত করে দেখবে। ড. মোশাররফ হোসেনের সম্পত্তির বিবরণীতে তার নিজের, স্ত্রী বিলকিস আক্তার হোসেন, দুই ছেলে খন্দকার মাহবুব হোসেন ও খন্দকার মারুফ হোসেনের নামে যুক্তরাজ্যের লন্ডন, ঢাকার গুলশান, মোহাম্মদপুর, সেগুনবাগিচা, জয়দেবপুর, কাশিমপুর, গাজীপুর ও কুমিল্লার দাউদকান্দিতে ২০ খণ্ড জমি, কয়েকটি বাড়ি ও ফ্ল্যাট থাকার কথা উল্লেখ করা হয়েছে। ড. মোশাররফের নামে গুলশানে ৫০ লাখ টাকা দামের একটি বাড়ি, কুমিল্লার দাউদকান্দিতে কবরের জন্য ২ লাখ টাকা দামের দুই খণ্ড জমি এবং ২ কোটি ২৮ লাখ ৬২ হাজার টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। স্ত্রী বিলকিস আক্তারের নামে ঢাকার গুলশান ও মোহাম্মদপুরে তিনটি বাড়ী, গুলশানে একটি ফ্ল্যাট, লন্ডনে ২ কোটি ৮৭ লাখ ৭০ হাজার টাকায় কেনা একটি বাড়ি ও বিভিন্ন স্থানে জমিসহ মোট ৬ কোটি ৫ লাখ ২২ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে। এছাড়া তাদের দুজনের নামে দুটি অত্যাধুনিক গাড়ি আছে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে। এদিকে আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, একটি চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা দেওয়ার জন্য ড. মোশাররফকে মঙ্গলবার ঢাকা কারাগার থেকে কুমিল্লা কারাগারে স্থানান্তর করা হয়েছে। দুপুর ২টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সাবেক এ মন্ত্রীকে কুমিল্লায় আনা হয় বলে জানান গোয়েন্দা পুলিশের কর্মকর্তা (ডিআই-১) আবদুল মালেক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/জেকে/এমএইচবি/এমআই/২১৩২ ঘ.