ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির মামলা দুর্নীতি দমন সংক্রান্ত টাস্কফোর্স তদন্ত করবে না বলে জানিয়েছেন গুরুতর অপরাধ দমন বিষয়ক জাতীয় সমন্বয় কমিটির চেয়ারম্যান উপদেষ্টা এম এ মতিন।
মঙ্গলবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এম এ মতিন বলেন, "এটা দুর্নীতির মামলা নয়, চাঁদাবাজির মামলা। তাই এ মামলা টাস্কফোর্স দেখবে না।"
রাজনৈতিক সংস্কার বিভিন্ন দলের ওপর সরকার চাপিয়ে দিচ্ছে কিনা জানতে চাইলে মতিন বলেন, "এটাতো জোর করে চাপানোর বিষয় নয়। আর জোর করে চাপিয়ে দেওয়ার ইচ্ছা সরকারের আছে বলে আমার জানা নেই।"
শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলার কারণে তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি অথচ জামায়াত নেতা আলী আহসান মোহম্মদ মুজাহিদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা থাকলেও তাকে বিদেশ যেতে দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে মতিন বলেন, আইন সবার জন্য সমান।
সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন যৌথবাহিনীর হাতে গ্রেপ্তারের পর ছাড়া পেয়ে নতুন দলের যে ঘোষণা দিয়েছেন তা চাপে পড়ে কিনা-- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, চাপ কিনা তা যৌথবাহিনীই জানে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এউচডি/আরএ/জিএনএ/১৮০০ ঘ.
bdnews24