ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে বৃহস্পতিবার। সোমবার এই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল।
সিগমা হুদার অসুস্থতার কারণ দেখিয়ে তার আইনজীবী ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে অভিযোগ গঠনের জন্য আরও সময় চাইলে আদালত আরো দুদিন সময় দেন।
সোমবার দুুপুর ১১টার দিকে নাজমুল হুদাকে আদালতে হাজির করা হয়। তবে সিগমা হুদা আসেননি।
এদিকে, নাজমুল হুদার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় আপিল বিভাগের আদেশের বিষয়ে সোমবার তার আইনজীবীদের নথিপত্র দাখিলের কথা থাকলেও সত্যায়িত কপি না পাওয়ায় তারা তা জমা দিতে পারেননি।
নাজমুল হুদার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ২৬ জুন নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
নাজমুল হুদাকে গত ৫ ফেব্র"য়ারি জরুরি ক্ষমতা আইনে গ্রেপ্তার করে ঢাকার মূখ্য মহানগর হাকিমের আদালত থেকে কারাগারে পাঠানো হয়। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রিভলভার ও গুলি রাখার অপরাধে গত ৮ মার্চ ধানমণ্ডি থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। ১১ মার্চ তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসি/জেকে/১৫৩৩ ঘ.
bdnews24