ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ তাকে বাংলাদেশে না পাঠিয়ে অন্য কোন দেশে পাঠাতে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে রিট আবেদন করেছিলেন তা খারিজ হয়ে গেছে।
মার্কিন ফেডারেল আদালত বৃহস্পতিবার তার রিট আবেদন খারিজ করে দেওয়ায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র সরকার অনেকটা চূড়ান্ত করেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। তিনি বলেন, যে কোন সময় মহিউদ্দিনকে নিয়ে বাংলাদেশে রওনা হতে পারেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারা। বিবিসি এ খবর দিয়েছে।
ভারপ্রাপ্ত সচিব বলেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট বিভাগ অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, মহিউদ্দিনের আইনজীবীরা অন্য কোন আইনগত বাধা সৃষ্টি করতে না পারলে রায়ের ২৪ ঘন্টা পরেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কখন রওনা হচ্ছে তা তারা জানায়নি।
বিবিসির প্রশ্নের জবাবে তিনি বলেন, " তাকে বিমানে তোলার সময়সূচি আমাদের জানানো হয়নি। তবে আমরা বলেছি তাকে বিমানে তোলামাত্রই আমাদের যেন জানানো হয়।"
তিনি জানান, হোমল্যান্ড সিকিউরিটির নতুন একজনের জন্য বাংলাদেশের ভিসা নেওয়া হয়েছে। আগে দুই জনের ভিসা নেওয়া হয়েছিল। এর মধ্যে একজন অন্যত্র দায়িত্বে থাকায় আরেক জনের ভিসা নেওয়া হয়েছে।
তৌহিদ হোসেনের ধারণা হোমল্যান্ড সিকিউরিটির দুই সদস্য মহিউদ্দিনকে পাহারা দিয়ে ঢাকায় নিয়ে আসবেন।
তিনি বলেন, মহিউদ্দিন ঢাকায় পৌঁছালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে পুলিশ তাকে বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৫৫ ঘ.
bdnews24