২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ বাড়ানোর অনুরোধ

প্রস্তাবিত বাজেট সংশোধন করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত 'জাতীয় বাজেট ২০০৭--২০০৮: প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে ফোরাম নেতারা এ অনুরোধ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 08:08 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- প্রস্তাবিত বাজেট সংশোধন করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত 'জাতীয় বাজেট ২০০৭--২০০৮: প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে ফোরাম নেতারা এ অনুরোধ করেন। জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। তাই দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতার পরিমাণ ৩০০ টাকা করতে হবে এবং সুবিধাভোগীদের সংখ্যা আড়াই লাখ করতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি নিশ্চিত করতে উপবৃত্তি প্রদানের জন্য এ খাতে ১৬ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে মাসিক ভাতার পরিমাণ ২০০ থেকে বাড়িয়ে ২২০ টাকা এবং সুবিধাভোগীদের সংখ্যা ১ লাখ ৬৬ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ করা হয়েছে। এ ছাড়া প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তি খাতে পাঁচ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ উপদেষ্টা। জহুরুল আলম বলেন, এ যাবত সরকারের কোন বাজেটেই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান তৈরিতে সরাসরি কোন প্রকল্প নেওয়া হয়নি। প্রস্তাবিত বাজেটে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রান্তিক নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ বাবদ ২০ কোটি টাকা এবং পল্লী অঞ্চলে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সব প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তিনি এসব প্রকল্পের কমপক্ষে ১০ ভাগ টাকা অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সংরক্ষণের দাবি জানান। ফোরাম নেতারা সব জেলা সদর হাসপাতালে অর্থোপেডিক বিভাগ চালু করা এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ফিজিওথেরাপিস্ট নিয়োগের জন্য বরাদ্দ রাখার দাবি জানান। বক্তারা প্রস্তাবিত বাজেটে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ শ্রবণ যন্ত্রের আমদানি ও উৎপাদন পর্যায়ে মূল্য ও সংযোজন কর অব্যাহতির প্রস্তাবকে স্বাগত জানান। এর পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত সাদা ছড়ি, ব্রেইল প্রিন্টার, ব্রেইল ঘড়ি, কম্পিউটার টকিং সফটওয়্যার ও হার্ডওয়্যার এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহৃত এলবো ক্রাচ, আর্ম ক্রাচ, ওয়াকার, স্টিক ইত্যাদি প্রয়োজনীয় সহায়ক উপকরণের সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের দাবি জানান। বর্তমানে এসব উপকরণ আমদানি করতে গড়ে প্রায় ৩২ শতাংশ কর প্রদান করতে হয় বলে তারা জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব এম খলিলুর রহমান, সংগঠনের পরিচালক ডা. নাফিসুর রহমান, সংগঠনের কনভেনশন বিষয়ক কমিটির আহবায়ক মাহবুব কবীর প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসডি/১৭৫৩ ঘ.