ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজেটে কম্পিউটার আমদানির ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ফলে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা মির্জ্জা এবি মো. আজিজুল ইসলাম।
সোমবার মন্ত্রণালয়ে তার কক্ষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।
উপদেষ্টা বলেন, "কম্পিউটার আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক কোনো বিরূপ প্রভাব ফেলবে না। একটি কম্পিউটারের আয়ুস্কাল যদি পাঁচ বছরও ধরা হয় তাহলে প্রস্তাবিত শুল্ক হারে প্রতি বছর দুই শতাংশ করে অতিরিক্ত শুল্ক দিতে হবে।"
তবে সবার মতামত পর্যালোচনা করে শুল্ক বাড়ানোর যৌক্তিকতা বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
উপদেষ্টা আরো বলেন, "প্রতিবছর বিভিন্ন খাতের জন্য সরকার বিপুল সংখ্যক কম্পিউটার কেনে। বড় ব্যাংকগুলোও কম্পিউটার কিনছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য কম্পিউটার কেনার খরচ সরকারি খাত থেকেই আসে। তবে বেসরকারিভাবে যারা কম্পিউটার কিনবেন তাদের জন্য ১০ শতাংশ শুল্ক তেমন বেশি কিছু নয়।"
বাজেট ঘোষণার পর কিছু কিছু পণ্যের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "খুচরা বাজারে এ ঘটনা ঘটেছে। যারা অতিরিক্ত দাম নিচ্ছে তাদের ব্যাপারে বিডিআর সদস্যরা খোঁজ খবর নিচ্ছে।"
তিনি জনগণকে অতিরিক্ত দাম না দেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/জেকে/জিএনএ/১৭১৬ ঘ.
bdnews24