ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতি দমন কমিশনের নোটিশ পাওয়া ২১ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক কর্মকর্তার মধ্যে পাঁচজন বৃহস্পতিবার সম্পত্তির হিসাব জমা দিয়েছেন।
এরা হলেন- দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও গ্লোব--জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান আতিকুল্লাহ খান মাসুদ, আওয়ামী লীগের নেতা সৈয়দ আবুল হোসেন, বিএনপির ওয়ার্ড কমিশনার ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এএফএম মঞ্জুরুল ইসলাম এবং পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল্লাহ খান।
কারাগারে আটক থাকায় আতিকুল্লাহ খান মাসুদ কারা কর্তৃপক্ষের মাধ্যমে সম্পত্তির বিবরণী জমা দেন। বাকি চারজন প্রতিনিধির মাধ্যমে হিসাব জমা দিয়েছেন। কমিশনের সচিব দেলোয়ার হোসেন তাদের সম্পত্তির বিবরণী গ্রহণ করেন।
আতিকুল্লাহ খান মাসুদ তার সম্পত্তির বিবরণীতে নয়টি প্রতিষ্ঠানের নামে ৭০ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৯৪৮ টাকাসহ ব্যক্তিগত আরো কিছু সম্পত্তির হিসাব দিয়েছেন। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্লোব--জনকণ্ঠ শিল্প পরিবার, জনকণ্ঠ লিমিটেড, গ্লোব ইনসেকটিসাইড, গ্লোব প্রিন্টার্স, গ্লোব খামার, গ্লোব মেটাল, গ্লোব কেবলস, গ্লোব কনস্ট্রাকশন এবং গ্লোব সল্ট লিমিটেড।
বিবরণীতে বলা হয়েছে, ওই নয়টি প্রতিষ্ঠানের নামে ৭৩ দশমিক ১ বিঘা জমি রয়েছে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের দেনার পরিমাণ ১২১ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৪৪০ টাকা বলে উল্লেখ করা হয়েছে। তবে এতে সম্পত্তির মোট পরিমাণ উল্লেখ করেননি তিনি।
আওয়ামী লীগের নেতা সৈয়দ আবুল হোসেন ২৭ কোটি ৬৬ লাখ ৩ হাজার ১১৬ টাকার সম্পত্তির হিসাব দিয়েছেন। এর মধ্যে ৪ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৬৮০ টাকার স্থাবর সম্পত্তি এবং ২৩ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৪৩৬ টাকার অস্থাবর সম্পত্তি থাকার কথা জানিয়েছেন তিনি।
মনোয়ার হোসেন ডিপজল তার বিবরণীতে সম্পত্তির মোট পরিমাণ উল্লেখ করেননি। তবে সাভারে একটি স্যুটিং স্পট, ৯৫ শতাংশ জমি, মিরপুরের বাগবাড়ি ও কোটবাড়িতে পৈত্রিক সূত্রে পাওয়া ৩৭৬৩ শতাংশ জমি, তিনটি হিনো বাস, ২৫০ তোলা সোনা, ৯ লাখ টাকার ৫টি আগ্নেয়াস্ত্র, দুটি শিল্প প্রতিষ্ঠানে ৬৬ লাখ টাকার শেয়ার, দুটি সিনেমা হলে বিনিয়োগ এবং বিভিন্ন ব্যাংকে ১ কোটি ২৫ লাখ টাকা থাকার কথা উল্লেখ করেছেন তিনি।
গণপূর্ত বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী এএফএম মঞ্জুরুল ইসলাম তার সম্পত্তির হিসাবে নিজের নামে ঢাকার ঝিগাতলায় একটি ফ্ল্যাট, উত্তরায় একটি প্লট, লৌহজংয়ে ১ দশমিক ৫ বিঘা জমি, ৪ লাখ টাকার আইসিবি শেয়ার, ৪০ লাখ টাকার চারটি এফডিআর, প্রায় ১১ লাখ টাকার একটি গাড়ি, নগদ সাড়ে ৮ লাখ টাকা, ব্যাংকে সঞ্চিত ২৩ লাখ ৩১ হাজার ৫১১ টাকা, ব্যাংকে জমা ৯ লাখ ৮৮ হাজার ৩৭ টাকা, ২ লাখ ৫০ হাজার টাকার প্রাইজ বণ্ড এবং ২৫ ভরি সোনার গহণা থাকার কথা উল্লেখ করা হয়েছে।
এছাড়া তার স্ত্রী আখতার জাহান রুবির নামে ধানমণ্ডির লেক সার্কাসে একটি পাঁচতলা বাড়ি, গুলশানে দু'টি অ্যাপার্টমেন্ট ও একটি প্লট, ৩৩ লাখ টাকার এফডিআর, ৫ লাখ টাকার শিক্ষা সঞ্চয়পত্র, ১১০ তোলা সোনার গহণা, ৩ লাখ টাকার প্রাইজবণ্ড এবং ব্যাংকে ৩৯ লাখ টাকা সঞ্চিত আছে। মেয়ে সাবরিনা মঞ্জুরের নামে পূর্বাচল প্রকল্পে একটি ৫ কাঠার প্লট এবং ৩০ ভরি সোনার গহণা থাকার কথাও উল্লেখ করেছেন মঞ্জুরুল ইসলাম।
অবশ্য এসব সম্পত্তির অধিকাংশই উপহার কিংবা দানসূত্রে পাওয়া বলে কমিশনকে জানিয়েছেন তিনি।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শহীদুল্লাহ খান তার সম্পত্তির বিবরণীতে দেশের ১৯ জায়গায় বিভিন্ন পরিমানে জমি থাকার কথা জানিয়েছেন। এছাড়া ঢাকার মোহাম্মদপুরে ৫৪ লাখ টাকার সম্পত্তিসহ একটি দোকান, এক লাখ টাকার সোনার গহণা, ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র এবং বেশ কিছু কোম্পানিতে শেয়ার থাকার কথা উল্লেখ করেছেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২২৭ ঘ.
bdnews24