ঢাকা, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী অর্থ বছরের (২০০৭--২০০৮) জন্য ২৬ হাজার ৫শ' কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করেছে সরকার। যা চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির চেয়ে ৪ হাজার ৯শ' কোটি টাকা বা ২৩ ভাগ বেশি।
শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) এক সভায় নতুন অর্থবছরের এডিপি অনুমোদন দেওয়া হয়। পরিষদের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এ সভায় সভাপতিত্ব করেন।
২০০৭--২০০৮ অর্থ বছরের এডিপি বরাদ্দের ৫১ ভাগ আসবে অভ্যন্তরীণ সম্পদ থেকে। বাকি ৪৯ ভাগ বাস্তবায়নের ক্ষেত্রে বিদেশি সাহায্যের ওপর নির্ভর করা হবে। চলতি অর্থ বছরে অনুমোদিত প্রথম এডিপির তুলনায় নতুন অর্থবছরের এডিপির আকার ৫শ' কোটি টাকা বেশি। চলতি অর্থ বছরে নির্ধারতি এডিপির পরিমাণ ছিল ২৬ হাজার কোটি টাকা। পরে তা সংশোধন করে ২১ হাজার ৬শ' কোটি টাকা করা হয়।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম অনুমোদিত এডিপি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন।
উপদেষ্টা বলেন, এবারের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে কৃষি ও পল্লীউন্নয়ন খাতে (পানি সম্পদসহ)। যা মোট বরাদ্দের ২৩ শতাংশ। বিদ্যুৎ খাতের জন্য বরাদ্দ হয়েছে ১৬ শতাংশ, যা চলতি অর্থ বছরের সংশোধিত এপিডির তুলনায় ৩১ শতাংশ বেশি।
এছাড়া শিক্ষা ও ধর্ম খাতে ১৪ শতাংশ, পরিবহণ খাতে ১২ শতাংশ এবং স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতে ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। আইসিটি খাতের জন্য বরাদ্দ হয়েছে ১ দশমিক ৭ শতাংশ। তবে নির্বাচন কমিশনের জন্য আইসিটির বরাদ্দ মিলিয়ে এই খাতের মোট বরাদ্দ দুই শতাংশ ছাড়িয়ে যাবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এবারের এডিপি উচ্চাভিলাসী নয়। কোনো রাজনৈতিক চাপ ছিল না। বাস্তবায়নযোগ্য বলেই এটা করা হয়েছে। বাইরে থেকে কী পরিমাণ সাহায্য পাওয়া সম্ভব হবে, অভ্যন্তরীণ সম্পদ কতটুকু ব্যবহার করা যাবে সব হিসাব করেই এডিপি নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, এবারের এডিপিতে দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া ২০০৭--২০০৮ অর্থ বছরের জন্য নির্ধারিত এবং বিদেশি সাহায্যপুষ্ট প্রকল্পগুলোকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, এবারের এডিপিতে স্থানীয় সরকার খাতের জন্য বরাদ্দ হয়েছে ৮৯৬ কোটি টাকা। এই পরিমাণ চলতি অর্থ বছরের চেয়ে ১৪৯ কোটি টাকা বা ২০ শতাংশ বেশি।
অর্থ উপদেষ্টা আরো বলেন, বৈঠকে বিভিন্ন প্রকল্পের সময়সীমা বৃদ্ধির বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। যথাসময়ে এডিপি বাস্তবায়িত না হওয়ায় সরকার চিন্তিত। ২০০৭--২০০৮ অর্থ বছরের জন্য নির্ধারতি কোনো প্রকল্প যদি শেষ করতে দুই--তিন মাস বেশি সময় লাগে এবং প্রকল্পের কার্যক্রমের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে সময়সীমা বাড়ানো যাবে।
তিনি বলেন, "প্রকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে এখন থেকে আর জ্যেষ্ঠতা দেখা হবে না। আমরা এ নীতি থেকে সরে এসেছি। প্রকল্পের ক্রয় প্রক্রিয়াও সহজ করা হবে।"
গ্রাম সরকারের জন্য আলাদা কোনো বরাদ্দ রাখা হয়েছে কিনা বা গ্রাম সরকার বিলুপ্ত হবে কিনা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, এই খাতে আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। স্থানীয় সরকারের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
তবে গ্রাম সরকার বিলুপ্ত করা হবে কিনা সে ব্যাপারে পরিষ্কার কিছু জানাননি তিনি।
অর্থ, পরিকল্পনা, বাণিজ্য এবং ডাক ও টেলিযোগযোগ উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মূখ্য সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/১৯৪৬ ঘ.
bdnews24