ফরিদপুর, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিরুদ্ধে জালিয়াতি করে জমি দখলের অভিযোগে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি আহসানুল হক আলম।
বিচারক আবদুল মজিদ এজাহারটি গ্রহণ করে সাবেক মন্ত্রীসহ মামলার পাঁচ আসামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বাকি ছয় আসামী সরকারি কর্মচারী বলে মামলায় তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে অনুমতি চাওয়া হয়েছে।
মন্ত্রী ছাড়াও যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তারা হলেন, জাফর লস্কর, মোয়াজ্জেম হোসেন বাদল, কামরুল ইসলাম সিদ্দিকী ও শামীম লস্কর। এছাড়া এজাহারে যে ছয় কর্মকর্তাকে আসামী করা হয়, তারা হলেন ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম খান, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা সেকেন্দার আলী ও নওশের মোল্লা, সার্ভেয়ার আনোয়ার হোসেন এবং কানুনগো আলমগীর ও শাহাদাত হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, খাদ্যমন্ত্রী থাকাকালে ২০০২ সালের ১৬ ফেব্র"য়ারি চৌধুরী কামাল ইউসুফের নির্দেশে আসামীরা নকশা জালিয়াতে করে বাদীর গোয়ালচামট এলাকার একটি জমি দখল এবং ওই জমির ওপর নির্মিত স্থাপনা ভেঙ্গে দেয়। এতে বাদীর ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ দাবি করেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৩০ ঘ.
bdnews24