২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র মহিউদ্দিন মুক্তি পাচ্ছেন না

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তিনটি মামলায় মেয়র মহিউদ্দিনকে জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের সরকারের আবেদন নিষ্পত্তি করে আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 11:10 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। তিনটি মামলায় মেয়র মহিউদ্দিনকে জামিন দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিতের সরকারের আবেদন নিষ্পত্তি করে আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দেন। আপিল বিভাগের এই আদেশের ফলে মেয়র মহিউদ্দিনকে দেওয়া হাইকোর্টের জামিন আদেশ আর বহাল রইল না। ফলে তিনি মুক্তিও পাচ্ছেন না বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিয়া সাংবাদিকদের জানিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার কিছু পর্যবেক্ষণসহ মেয়র মহিউদ্দিনের জামিন আদেশের বিরুদ্ধে দায়ের করা সরকারের আবেদন নিষ্পত্তি করে। গত ২২ মে ডিটেশন মামলার চিকিৎসার জন্য হাইকোর্ট মেয়র মহিউদ্দিনকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করা হয়। এর আগে পাহাড় কাটা মামলা ও জরুরি ক্ষমতা আইনের মামলায় ১৭ মে হাইকোর্ট তাকে তিন মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়। হাইকোর্টের এই জামিনের আদেশ স্থগিতের জন্য সরকার পক্ষ গত ২৪ মে আপিল বিভাগে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে ডিটেনশন মামলায় তিন দফায় ছয় দিন ও অন্য দুটি মামলায় আপিল বিভাগ মেয়র মহিউদ্দিনের জামিন ২৯ মে দুদিন স্থগিত করে। সরকারের স্থগিতাদেশের আবেদনের ওপর চূড়ান্ত শুনানি গ্রহণ করে বৃহস্পতিবার চূড়ান্ত আদেশ দেয় আপিল বিভাগ। সরকার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। মেয়র মহিউদ্দিনের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর উল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/১৭০৫ ঘ.