বগুড়ার সেই পুলিশ সদস্য কারাগারে
মাদক ব্যবসার অভিযোগে গ্রেপ্তার বগুড়া সদর থানায় উপ-পরিদর্শক মতলুবুর রহমানকে রোববার কারাগারে পাঠানো হয়েছে। চাকরি থেকেও সাময়িক বরখাস্ত হয়েছেন তিনি।
গোপন খবরের ভিত্তিতে পুলিশ সুপার জামিল আহম্মেদসহ ঊধ্বর্তন পুলিশ কর্মকর্তারা শনিবার রাতে মতলুবুরকে উপ-শহর ফাঁড়ি থেকে গ্রেপ্তার করে। পরে সদর থানায় তার ফাইল ক্যাবিনেট থেকে ৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
রোববার মতলুবুরের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
তার বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামিম ইকবাল জানান, মতলুবুর স্বীকার করেছেন যে তিনি কিছুদিন আগে ফেনসিডিলগুলো আটক করে থানায় জমা না দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ জিম্মায় রেখেছিলেন।
ওসি জানান, মতলুবুর তার সহযোগী আরও দুজনের নাম বলেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের একটি সূত্র জানায়, গত সপ্তাহে বগুড়া শহরের বাদুড়তলা এলাকা হতে মাদক ব্যবসায়ী শিপনকে আড়াইশ‘ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। তখন অপর দুই মাদক ব্যবসায়ী লিটন ওরফে ইঞ্জিন লিটন ও সোহেলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শিপনকে ছেড়ে দিয়ে পুলিশ সদস্য মতলুবুর আটককৃত ফেনসিডিলের একাংশ থানায় জমা দেয় এবং অন্যগুলো নিজ জিম্মায় রাখে।
