২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা চেষ্টা করে যাচ্ছি: মইনুল

আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, “এই সরকার সব কিছু ভালো করছে তা বলব না। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 06:41 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

রোববার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ‘অর্ধযুগ পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন সংবাদ মাধ্যমের সহ-সম্পাদকরা তাদের ২৫ টি দাবি তথ্য উপদেষ্টার কাছে তুলে ধরেন।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ খবর প্রকাশের আহবান জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “আপনারা সুবিবেচিত ও সুচিন্তিত খবর প্রকাশ না করলে তত্ত্বাবধায়ক সরকার ভুল করতে পারে।”

তিনি বলেন, দুর্নীতি ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। গণতন্ত্রের উন্নয়নের জন্য নিরপেক্ষ ও সুচিন্তিত সাংবাদিকতা দরকার। অন্যদিকে স্বাধীনতার পর থেকে আমরা সুসংহত গণতন্ত্র গড়ে তুলতে পারনি বলে সাংবাদিকতার মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, “আমরা নির্বাচনের জন্য নির্বাচন চাই না। ব্যবসার জন্য রাজনীতি চাই না। আমরা সৎ সরকার ও ভালো ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছি। আমরা ক্ষমতায় থাকতে আসিনি, এ সরকারকে সহযোগিতা করুন।”

বর্তমান সরকার সাংবাদিকতার উন্নয়নের জন্য প্রেস কাউন্সিল ও প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) পুনর্গঠন করছে বলে জানান তিনি।

ডেইলি স্টার এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, সমাজ সংবাদপত্রকে স্বাধীনতা দিয়েছে সমাজের সেবা করার জন্য। এই স্বাধীনতা রক্ষা করতে হলে মানসম্মত প্রতিবেদন প্রকাশ করতে হবে।

এটিএন বাংলার উপদেষ্টা সাইফুল বারী বলেন, সহ-সম্পাদকরা সংবাদপত্রের মেরুদণ্ড। তারা মজবুত না হলে সংবাদপত্র দাঁড়াতে পারবে না। সহ-সম্পাদকদের বোঝাতে হবে যে আমরা বিক্রি হই না।

এছাড়া আরটিভির সংবাদ প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, পাওয়ার ট্রেড গ্রুপের চেয়ারম্যান এস এম ফখর উজ জামান, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সংগঠনের সাবেক সভাপতিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

অনুষ্ঠানে সাব-এডিটরস কাউন্সিলের সদস্যদের কৃতী সন্তানদের বৃত্তি দেওয়া হয়।