২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার ও পঞ্চগড়ে বিএনপি নেতা গ্রেপ্তার

চাঁদাবাজি, দুর্নীতি ও পরিবেশ ধ্বংসের অভিযোগে রোববার গ্রেপ্তার হয়েছেন মহেশখালী উপজেলা বিএনপির সহ সভাপতি সিরাজুল হক রানা। অর্থ আত্মসাতের অভিযোগে একই দিন পঞ্চগড়ে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা এম করিম মণ্ডলকে। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে হত্যা মামলার আসামী জাসাস নেতা আসাদুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2007, 06:34 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

আমাদের কক্সবাজার প্রতিনিধি জানান, সকাল ১১টার দিকে মহেশখালী উপজেলা আদালত প্রাঙ্গণ থেকে সিরাজুল হক রানাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তিনি সম্প্রতি গ্রেপ্তার হওয়া ওই এলাকার সাবেক সাংসদ আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

গ্রেপ্তারের পর নৌ--বাহিনীর ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে রানাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়। থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, সিরাজুল হক রানার বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টা মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনাদিয়া দ্বীপের প্যারাবন ধবংস করার অভিযোগে বন ও পরিবেশ অধিদপ্তরের একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহর বিরুদ্ধে মহেশখালী থানায় ৫০ লাখ টাকার যে চাঁদাবাজি মামলা রয়েছে, রানা সে মামলারও আসামী।

পঞ্চগড় প্রতিনিধি জানান, অর্থ আত্মসাতের অভিযোগে রোববার বিকালে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ করিম মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে।

সদর উপজেলার অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হকের দায়ের করা প্রতারণা মামলায় করিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক।

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, ইসলামী শিক্ষা বিভাগের ছাত্র মামুন হত্যা মামলার আসামী জাসাস সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিল্টনকে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, মিল্টনের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

১৯৯৮ সালে ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মামুন হত্যাকাণ্ডের অন্যতম আসামী মিল্টন। পরে ২০০১ সালে সে বাংলা বিভাগে ভর্তি হয়। ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। মিল্টনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, শিক্ষক লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।