২৯৭ কোটি টাকার ‘গোল্ডেন হ্যান্ডশেক’ এ যাচ্ছে বিমান
প্রায় দুহাজার কর্মকর্তা--কর্মচারীকে ক্ষতিপূরণ দিয়ে আগামী জুন মাস থেকে ছাঁটাই (গোল্ডেন হ্যান্ডশেক) শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এজন্য অর্থমন্ত্রণালয় তাদের ২৯৭ কোটি টাকা বরাদ্দ দেবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ড. এম এ মোমেন শুক্রবার নফহবংি২৪.পড়স কে এই তথ্য জানান।
তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শে বিমানের লোকসান কমিয়ে আনতে আমরা আগামী জুন মাস থেকে গোল্ডেন হ্যান্ডশেকের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছি।”
আগামী জুন মাস থেকে পর্যায়ক্রমে গোল্ডেন হ্যান্ডশেক বাস্তবায়ন শুরু করলে অর্থ মন্ত্রণালয় সংস্থাটিকে চাহিদার ২৯৭ কোটি টাকা বরাদ্দ দেবে বলে জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, “বরাদ্দ পেতে কোনো সমস্যা হবে না বলে অর্থ মন্ত্রণালয় বিমানকে জানিয়েছে। এজন্য থোক বরাদ্দ রাখা হয়েছে।”
নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের শীর্ষপর্যায়ের এক কর্মকর্তা বলেন, “এই সংস্থার উড়োজাহাজ মাত্র ১৩টি। এর মধ্যে দু’তিনটি আবার প্রায়ই বিকল হয়ে থাকে। ছোট এই এয়ারলাইন্সটির জন্য প্রায় পাঁচ হাজার কর্মীর কোনো প্রয়োজন নেই। এ কারণে শেষ পর্যন্ত আমাদের গোল্ডেন হ্যান্ডশেক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। লোকসান কমিয়ে আনতে এর বিকল্প নেই।”
সিঙ্গাপুর এয়ারলাইন্সের উদাহরণ দিয়ে তিনি বলেন, “এশিয়ার বিখ্যাত এই এয়ারলাইন্সটির উড়োজাহাজের সংখ্যা ৯০টি। তারা ৩৫টি দেশের ৬০টি শহরে ফ্লাইট চালায়। কিন্তু তাদের লোকবল মাত্র ৩০ হাজার।”
বিমানের একটি সূত্র জানায়, বেশ কয়েক বছর আগে একবার গোল্ডন হ্যান্ডশেকের চেষ্টা করেও কর্মীদের আন্দোলনের হুমকির মুখে বিমান শেষ পর্যন্ত ওই সিদ্ধান্ত বাতিল করে। সর্বশেষ বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শে এ বছর ফেব্রুয়ারিতে সংস্থাটি আবারো গোল্ডেন হ্যান্ডশেকের সিদ্ধান্ত নেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত অর্থবছরে বিমান ১২ কোটি ডলার লোকসান দিয়েছে। এর আগের বছরে লোকসানের পরিমাণ ছিল প্রায় চার কোটি ডলার।
লোকসান কমিয়ে আনতে বিমান গত বছর টোকিও, নিউ ইয়র্ক, প্যারিস, ব্রাসেলস, ফ্রাঙ্কফুট ও মুম্বাই এর ফ্লাইট বন্ধ করে দেয়। তারা এখন মাত্র ২০টি আন্তর্জাতিক ফ্লাইট চালাচ্ছে। অভ্যন্তরীণ সাতটি রুটও কমিয়ে তিনটিতে নামিয়ে আনা হয়েছে। এখন শুধু চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান।
