চাঁদপুরের সিভিল সার্জনের সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন
চাঁদপুরের সিভিল সার্জন ডা. আব্দুল মান্নান ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দুলাল মিয়া পাটোয়ারির সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার সিভিল সার্জনকে এবং সোমবার অ্যাডভোকেট দুলালকে দুর্নীতি দমন কমিশন থেকে চিঠি দেওয়া হয়।
দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক শফিকুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে সাত দিনের মধ্যে দুদক সচিবের কাছে সম্পদের হিসাব দিতে বলা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক শফিকুর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে এই দুইজন সম্পদের হিসেবে দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হিসাব জমা দেওয়ার পর তা যাচাই--বাছাই করে দেখা হবে।
এ ছাড়া জমাকৃত হিসাবে কোন ভুল ত্র“টি থাকলে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
তবে এ বিষয়ে মন্তব্য জানার জন্য ডা. আবদুল মান্নান বা দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
