২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে আরও একটি মামলা

প্রতারণার অভিযোগে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে রাজশাহীর তানোর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। চান্দুড়িয়া ইউনিয়নের বেলঘরিয়া গ্রামের গোলাম মোস্তফা রোববার রাত পৌনে ১২ টায় মামলাটি দায়ের করেন। এ মামলাটি নিয়ে এখন পর্যন্ত আমিনুল হকের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হলো।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2007, 11:26 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

তানোর থানার উপ পরিদর্শক (এসআই) শহিদ জানান, আমিনুল হক ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তানোর পৌরসভার চেয়ারম্যান শীষ মোহাম্মদ ও চান্দুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাফিজ উদ্দিনকে আসামী করা হয়েছে এই মামলায়।

বাদী তার অভিযোগে বলেছেন, ২০০৪ সালের ৯ সেপ্টেম্বর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর চেয়ারম্যান শীষ মোহাম্মদ ও চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মাফিজ উদ্দিন বাদীর কাছ থেকে চাকরি দেয়ার নামে ১ লাখ ৫০ হাজার টাকা নেয়। এই টাকা ব্যারিস্টার আমিনুল হকের নামে নেওয়া হয় বলে বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন। এই টাকা নিয়ে তাকে পরে চাকরি দেওয়া হয়নি, এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি।

এস আই শহিদ জানান, ব্যারিস্টার আমিনুল হক, শীষ মোহাম্মদ পালিয়ে রয়েছেন। তবে চেয়ারম্যান মাফিজ উদ্দিন কারাগারে আছেন।

এর আগে জঙ্গি মদদদান, জমি দখল, সরকারি গাছ কেটে আত্মসাতের অভিযোগে গোদাগাড়ী, তানোর, বাগমারা ও নাটোরের নলডাঙ্গায় আমিনুল হকের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল। এ সব মামলার মধ্যে বাগমারার দুটি ও নলডাঙ্গায় দায়ের করা মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।