২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী জাফরুল্লার বিরুদ্ধে গাজী গোলাম দস্তগীরের চাঁদাবাজি মামলা

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লার বিরুদ্ধে ৫০ লাখ টাকার চাঁদাবাজি মামলা করেছেন গাজী ট্যাংকের মালিক ও আওয়ামী লীগ নেতা গাজী গোলাম দস্তগীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 09:10 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

শনিবার গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়। রোববার মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ--পরিদর্শক মো. সালাহউদ্দিন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জাফরুল্লাহকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান। হাকিম সৈয়দ মো. মুজিবুল হক আবেদন মঞ্জুর করেন।

বাদী মামলার এজাহারে বলেন, তিনি একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগের সঙ্গে যুক্ত। তার প্রতিষ্ঠান গাজী ট্যাংক ও গাজী পাম্পের প্রধান কার্যালয় ৩৭/২ পুরানা পল্টনে। ২০০৬ সালে এপ্রিলের প্রথম সপ্তাহে কাজী জাফরুল্লাহ তাকে ফোন করে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে চাঁদা না দিলে তাকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না এবং ব্যবসার ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।

এই পরিপ্রেক্ষিতে বাদি নিজে কাজী জাফরুল্লাহর বনানীর কার্যালয়ে গিয়ে ২০০৬ সালের ১৩ এপ্রিল ২৫ লাখ টাকা এবং ৩০ মে আরও ২৫ লাখ টাকা জাফরুল্লাহর হাতে দিয়ে আসেন। বাদির কার্যালয়ের ক্যাশ বই ও ডেবিট ভাউচারে জাফরুল্লাহর নামের বিপরীতে ওই টাকা দেওয়ার কথা লেখা আছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

গাজী গোলাম দস্তগীর এজাহারে আরো বলেন, কাজী জাফরুল্লাহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় এবং সন্ত্রাসীদের সঙ্গে তার সম্পর্ক থাকায় সে সময় তিনি মামলা করতে পারেননি।

কাজী জাফরুল্লাহকে চলতি বছরের ১৮ এপ্রিল তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার বিরুদ্ধে দেশের অর্থনীতির ক্ষতি করার অভিযোগে জরুরি ক্ষমতা অধ্যাদেশের ১৬ (২) ধারায় মামলা করা হয়। পরে তাকে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয়। তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

রোববার রাতে মামলাটি সম্পর্কে জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা মো. সালাউদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, “মামলার তদন্ত কাজ শুরু করেছি। আমি আজ কাজী জাফরুল্লাহর বনানী কার্যালয়ে গিয়েছিলাম। কাউকে না পেয়ে ফিরে এসেছি। এছাড়া বাদি গাজী গোলাম দস্তগীরের পুরানা পল্টনের কার্যালয়ে গিয়েও তাকে পাইনি।”   

বাদি নিজে এসে মামলা দায়ের করেছেন কিনা এ সম্পর্কে তিনি বলেন, “কর্তব্যরত যে কর্মকর্তা মামলাটি নথিভুক্ত করেছেন তিনিই এ ব্যাপারে ভালো বলতে পারবেন।”