সিলেটে মাদ্রাসা ছাত্রদের হামলায় চলচ্চিত্র প্রদর্শনী পণ্ড
সিলেটের কানাইঘাটে একটি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা হামলা চালিয়ে পণ্ড করে দিয়েছে কৃষিবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান।
বুধবার রাত ৮ টায় এ হামলার ঘটনায় প্রদর্শনীর যন্ত্রপাতির ব্যাপক ক্ষতি হয়। এ ব্যাপারে বৃহস্পতিবার কানাইঘাট থানায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক ও কৃষিবিষয়ক তথ্যাদি সরকারিভাবে প্রচারের অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলা কৃষি বিভাগ বাজার এলাকায় এক প্রদর্শনীর আয়োজন করে। সন্ধ্যা সাতটায় প্রদর্শনী শুরুর ঘন্টাখানেক পর কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার ২০--২৫ জন ছাত্রকে নিয়ে শিক্ষক আবদুল হাই সেখানে হাজির হন এবং প্রদর্শনী বন্ধ করার দাবি জানান।
তিনি আয়োজকদের বলেন, “বাজারের মসজিদের পাশে এ ধরনের আয়োজন করার আগে মুসল্লিদের অনুমতি নেওয়া উচিত ছিল।”
তাঁর এ কথায় উপস্থিত একজন কৃষি কর্মকর্তা এটি একটি সরকারি কাজ বলে জানালে মাদ্রাসা শিক্ষক ক্ষুব্ধ হয়ে প্রদর্শনী বন্ধ করার জন্য মাদ্রাসা ছাত্রদের নির্দেশ দেন। নির্দেশ পেয়ে মাদ্রাসা ছাত্ররা সেখানে হামলা চালিয়ে প্রদর্শনীর কাজে ব্যবহৃত যন্ত্রপাতি, পর্দা ও চেয়ার ভাংচুর করে পুরো অনুষ্ঠান পণ্ড করে দেয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী কৃষি বিভাগের এক কর্মকর্তা জানান, মাদ্রাসা ছাত্রদের এ হামলার ঘটনায় উপস্থিত দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কৃষি বিভাগের উপ--পরিচালক ফজলে এলাহি জানান, এ হামলার পর অনুষ্ঠান প্রদর্শনী বন্ধ হয়ে যায়। এ কারণে তিনি নিজে বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কানাইঘাট থানায় একটি মামলা করেছেন। এ মামলায় হামলাকারী চারজনের নাম উল্লেখ করে ২৫জনকে আসামি করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চক্রবর্তী নফহবংি২৪.পড়স কে মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
