রাজশাহী মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, বিনা চিকিৎসায় ৫ জনের মৃত্যু
রোগীর আত্মীয়ের সঙ্গে হাতাহাতির জের ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সন্ধ্যা থেকে শিক্ষানবিশ (ইন্টার্নি) চিকিৎসকদের কর্মবিরতি চলছে। আর একারণে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত বিনা চিকিৎসায় পাঁচজন রোগী মারা গেছেন।
কর্মবিরতি এবং রোগীর মৃত্যুর ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেক রোগী চিকিৎসা না পেয়ে হাসপাতাল ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার নোটিশ দিয়েছেন।
হাসপাতাল সূত্র জানায়, বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া কর্মবিরতি চলাকালে ১৭ নম্বর ওয়ার্ডের মধু, রাত ১২ টার পর ২৬ নম্বর ওয়ার্ডের ফজলুর রহমান, রাত পৌনে ২ টায় ৬ নম্বর ওয়ার্ডের কোহিনুর বেগম ও সকাল ৬ টা ০৫ মিনিটে ১৬ নম্বর ওয়ার্ডের রোগী সীমা বেগম এবং সকাল সাড়ে সাতটায় জয়নব বেগম মারা গেছেন।
এদের মধ্যে সীমা বেগমের স্বামী চাঁপাইনবাবগঞ্জ কারাগারের রক্ষী শাহাবুদ্দীন এবং সীমার দেবর পুলিশের নায়েক ওলিউল্লাহর সঙ্গেই শিক্ষানবিস চিকিৎসকদের হাতাহাতি হয়।
সীমা বেগমের পরিবারের লোকজন জানান, গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার সকাল আটটার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত তার চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ। এক পর্যায়ে সীমা অচেতন হয়ে যান এবং তার মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়। এ অবস্থায় চিকিৎসকদের বারবার অনুরোধ করার পরও চিকিৎসা না দেওয়ায় শিক্ষানবিশ চিকিৎসক মাতুয়ারা শারমিনের সঙ্গে রোগীর দেবরের হাতাহাতি হয়। এ সময় অন্য শিক্ষানবিশ ডাক্তাররা ঘটনাস্থলে ছুটে এলে ওলিউল্লাহ পালিয়ে যান।
সীমার স্বজনরা জানান, সন্ধ্যার দিকে সীমা বেগমের স্বামী চাঁপাইনবাবগঞ্জ থেকে হাসপাতালে পৌঁছালে শিক্ষানবিশ ডাক্তাররা তাকে মেরে দুই হাত ভেঙে দিয়ে হাসপাতালের পরিচালকের কক্ষে আটকে রাখেন।
তারা আরও অভিযোগ করেন, ভোরবেলায় সীমা মারা গেলেও তার লাশ চার ঘণ্টা ওয়ার্ডে এবং পরে বিকেল ৪ টা পর্যন্ত লাশ ঘরে পড়েছিল।
হাতাহাতির খবর পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের উপ মহাপরিদর্শক (কারাগার) মেজর হাফিজুর রহমান মোল্লা হাসপাতালে ছুটে আসেন। এ সময় তিনি এবং পুলিশের ঊর্ধŸতন কর্মকর্তা ডেপুটি কমিশনার (ডিসি সদর) মাহাবুব বিষয়টি আপসের চেষ্টা করেন। কারা কর্মকর্তা ঘটনা তদন্ত করে দোষী সাব্যস্ত হলে কারারক্ষী সাহাবুদ্দিনের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কিন্তু সন্ধ্যার পর চিকিৎসকরা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার বজলে কাদেরের কাছে স্মারকলিপি দিয়ে কর্মবিরতি পালন শুরু করেন।
রাত ১১ টার দিকে পরিচালক কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানালেও চিকিৎসকরা সাড়া দেননি। বিনা চিকিৎসায় রাত ১২টার দিকে ২৬ নং ওয়ার্ডের রোগী ফজলুর রহমান, রাত পৌনে দুইটার দিকে ছয় নং ওয়ার্ডের রোগী কোহিনূর বেগম এবং সকাল ছয়টায় ১৬ নং ওয়ার্ডের রোগী সীমা বেগম এবং সাড়ে সাতটায় জয়নব বেগম মারা যান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার বজলে কাদের সাংবাদিকদের জানান, সন্ধ্যা ৬ টায় শিক্ষানবিশ চিকিৎসকদের কাজে যোগদানের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যদি তারা কাজে যোগ না দেন তবে তাদের ছাড়াই হাসপাতালের বিশেষজ্ঞ ও অন্য চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা কার্যক্রম সচল রাখা হবে। এ ব্যাপারে দুপুর ১২ টায় রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও অন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৈঠক করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
এদিকে শিক্ষানবিশ চিকিৎসক মাতোয়ারা শারমিন অভিযোগ করেন, তাকে কিল--ঘুসি মারা হয়েছে। তিনি এবং আরও কয়েকজন চিকিৎসক সাহাবুদ্দীনকে মারার কথা অস্বীকার করে বলেন, র্যাব সদস্যরাই তাকে মেরেছে।
স্মারকলিপিতে তারা বলেন যে, সাহাবুদ্দীন, ইব্রাহিম ও অপর একজন শিক্ষানবিস চিকিৎসকদের ওপর চড়াও হয়েছিলেন।
অন্যদিকে কারা কর্মকর্তা মেজর হাফিজুর রহমান মোল্লা জানিয়েছেন, কারারক্ষী সাহাবুদ্দিনের স্ত্রী সীমা বেগম বিনা চিকিৎসায় মারা গেছেন। সাহাবুদ্দিনকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুর্ভাগ্যজনক ঘটনার কারণেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
মহানগর পুলিশের সহকারী কমিশনার জয়দেব কুমার জানান, সীমা বেগমের পরিবার মহানগরীর রাজপাড়া থানায় শিক্ষানবিশ চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।
