কোকোর বিরুদ্ধে কোটি টাকার চাঁদাবাজি মামলা
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে এক কোটি ২০ লাখ টাকার চাঁদা নেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে।
বুধবার সন্ধ্যায় গুলশান থানায় দায়ের করা মামলাটিতে কোকোর দুই শ্যালককেও আসামি করা হয়েছে। মামলটি দায়ের করেন কোকোর ব্যবসায়িক অংশীদার আবু আহাম্মেদ জায়েদান রাব্বি।
বিজ্ঞাপনী সংস্থা অ্যাড মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রাব্বি নিজেই থানায় গিয়ে মামলাটি করেন। রাব্বির বাবার নাম এ এ বজলে রাব্বি। গুলশানের ১২১ নম্বর রোডের ২১/এ নম্বরের বাসাটি তার।
মামলার অন্য দুই আসামি হলেন মোস্তাকিম রাজা ও মোন্তাকিম রাজা।
কম্পিউটারে টাইপ করা এক পৃষ্ঠার এজাহারে বলা হয়েছে, আসামি তিনজন বিভিন্ন সময় মাসিক ও এককালীন ভিত্তিতে বাদীর কাছ থেকে এক কোটি ২০ লাখ টাকা চাঁদা নিয়েছেন।
এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক নফহবংি২৪.পড়স কে বলেন, তদন্ত করে অভিযোগের পক্ষে তথ্য- প্রমাণ মিললে আসামিদের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে বলে জানালেও তিনি তদন্ত কর্মকর্তার নাম জানাতে চাননি।
কোকোর বিদেশ যাওয়ার ক্ষেত্রে এ মামলা কোনও বাধা হবে কিনা জানতে চাইলে ওবায়দুল হক বলেন, ‘এটা আমার বিষয় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়।’
খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে ইতোমধ্যেই একাধিক চাঁদাবাজির মামলা হয়েছে। তিনি এখন জেলে রয়েছেন। তার মামলাগুলো বিচারাধীন।
