২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের সরকার অচল হওয়ায় দেশে এখন জরুরি অবস্থা: উপদেষ্টা মইনুল

আগের সরকার পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার কারণেই দেশে জরুরি অবস্থা জারি করতে হয়েছে বলে মন্তব্য করেছেন আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:20 PM

সোমবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে ‘সহস্রাব্দের লক্ষ্য উন্নয়ন: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় উপদেষ্টা বলেন, “বিগত সরকার ‘প্যারালাইজড’ হয়ে পড়েছিল। তাই দেশে জরুরি অবস্থা জারি ও বর্তমান সরকারকে দায়িত্ব নিতে হয়েছে।”

এ সরকার আরেকটি পক্ষাঘাতগ্রস্ত সরকার হতে চায় না জানিয়ে ব্যারিস্টার মইনুল বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপক জনসমর্থন রয়েছে। তবুও সরকার অনেকটা একা।”

নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের চেয়ে নির্বাচন পরবর্তী সময়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখাই এই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, ঘরোয়া রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন। কিন্তু আমরা এসব রাজনৈতিক বক্তব্যে বাধা দিচ্ছি না।

দেশে এখন গণমাধ্যমগুলো অধিকতর স্বাধীনতা ভোগ করছে দাবি করে উপদেষ্টা মইনুল হোসেন বলেন, দেশে জরুরি অবস্থার পরও সব গণমাধ্যম প্রচারে শতভাগ স্বাধীনতা ভোগ করছে। সংবাদ প্রচার কিংবা প্রকাশে কোনও বিধি-নিষেধ নেই। কিন্তু সম্প্রতি বিভিন্ন মাধ্যমে বিকৃতভাবে সংবাদ প্রকাশ করা হচ্ছে। যা বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দেয়।

তিনি বলেন, বিকৃতভাবে সংবাদ পরিবেশনের কারণে বিভিন্ন সময়ে জবাবদিহি করতে হয় বলে সাংবাদিকদের কাছে কোনও বক্তব্য দিতে ভয় লাগে। এ ধরনের পরিস্থিতি যেন না হয় সে ব্যাপারে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

উপদেষ্টা মইনুল হোসেন বলেন, বর্তমান তত্ত্বাবধাযক সরকার কঠিন সময়ে ক্ষমতায় নিয়েছে। ক্ষমতা নেওয়ার পর সুশাসনের জন্য যে সকল সংস্কারের প্রয়োজন, সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।

দু’একটা ছাড়া সকল কাজ ভাল করা হয়েছে। বিশেষ করে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সংস্কার বিষয়ে সরকারে গৃহিত পদক্ষেপ অন্যতম। দেশ পরিচালনায় কোনও কোনও ক্ষেত্রে সাফল্য এসেছে আবার কোনও ক্ষেত্রে ব্যর্থতা আসতে পারে।

আইন উপদেষ্টা আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা বলেছিলাম। এমন কথায় কোনও কোনও দলের নেতা-নেত্রীরা নেতিবাচক মন্তব্য করেছেন। কিন্তু তাদের দলের দায়িত্বশীল নেতারাই সংস্কারের দাবি জোরালোভাবে তুলছে। এর থেকে প্রমাণিত হয়-আমাদের বক্তব্য যথার্থ।

কর্মশালায় অন্যদের মধ্যে সাংবাদিক আতাউস সামাদ, মাহবুবুল আলম, রিয়াজ উদ্দিন আহমেদ, জগলুল আলম চৌধুরী ও শফিক রেহমান বক্তৃতা করেন।