পুড়িয়ে ফেলা হলো দুর্নীতি দমন কমিশনের সেই ৫৪ বস্তা নথি
দুর্নীতি দমন কমিশনের ৫৪ বস্তা নথি বিক্রির ঘটনার সঙ্গে জড়িতদের কোনো শাস্তি না দিয়েই সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসআই) কার্যালয়ে এনে এসব নথি পুড়িয়ে ফেলা হয়।
সাংবাদিকরা এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি প্রথমে কিছু বলতে রাজি হননি। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি বলেন, “কোনো কথা নেই। কিছু বলারও নেই। নাম না জানানোর শর্তে যারা কথা বলেন, তাদের সঙ্গে কথা বলুন।”
নিয়ম অনুযায়ী পুরানো সরকারি নথি পুড়িয়ে ফেলার কথা থাকলেও গত ৭ মার্চ রাতে কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও লজিস্টিকস) মো. গোলাম ফারুক এক কাগজ ব্যবসায়ীর কাছে সাড়ে আট হাজার টাকায় ৫৪ বস্তা কাগজ বিক্রি করে দেন। এ ব্যাপারে কমিশনের অনুমোদনও নেননি তিনি।
পরদিন বিষয়টি জানাজানি হলে বিক্রি করা বস্তাগুলো ফিরিয়ে এনে সচিবের নির্দেশে কমিশনের অভ্যর্থনা কক্ষে সেগুলো সিলগালা করে রাখা হয়।
বিষয়টি খতিয়ে দেখতে ১২ মার্চ কমিশনের পরিচালক (প্রশাসন, মানব সম্পদ ও অর্থ) মো. আব্দুল ওয়াদুদকে প্রধান করে উপ-পরিচালক এস এম সাব্বির হাসান ও সিনিয়র হিসাব রক্ষক ইসমাইল হোসেনকে নিয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
গোলাম ফারুক ওই সময় সাংবাদিকদের বলেছিলেন, “আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি কাগজগুলো বিক্রির জন্য কমিশনের অনুমতি নিতে হবে।”
ওই ঘটনা তদন্তের জন্য ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু ২২ দিন পর গত ৪ এপ্রিল তদন্ত কমিটি যে প্রতিবেদনটি জমা দিয়েছে তাতে কমিশনের কাউকে দোষী করা হয়নি। শুধু বলা হয়েছে, ‘এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেদিকে সর্তক থাকতে হবে।
তদন্ত কমিটির একজন সদস্য সাংবাদিকদের বলেন, “৫৪ বস্তার মধ্যে বেশির ভাগ কাগজই ছিল ফটোকপি। তবে ভবিষ্যতে কাজে লাগতে পারে এমন কিছু নথি সংরক্ষণের জন্য আলাদা করে রাখা হয়েছে।”
