খালেদা কেন অবাধে চলাফেরা করতে পারছেন না, জানতে চায় হাইকোর্ট
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অবাধে চলাফেরা করতে দেওয়া হবে না কেন চার সপ্তাহের মধ্যে তার কারণ দেখাতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একইসঙ্গে তাকে স্বাধীনভাবে চলাফেরা করতে না দেওয়া এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা কেন অবৈধ ঘোষণা হবে না কেন তার কারণ দেখাতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
একই আদেশে আগে কোনো বকেয়া না থাকলে তিনদিনের মধ্যে খালেদার বাড়িতে টেলিফোনের সংযোগ দেওয়ার জন্য টেলিযোগাযোগ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার এ আবেদন করেছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী আব্দুল ওয়াদুদ খন্দকার।
স্বরাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, টেলিযোগাযোগ সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, সেনানিবাস বোর্ডের প্রধান নির্বাহীসহ মোট আটজনের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার সকালে শুনানিতে ওয়াদুদ খন্দকার বলেন, সরকার কোনো নাগরিকের চলাচলে বাধা দিতে পারে না। আদালত এ পর্যায়ে জানতে চান, তাকে কে বাধা দিচ্ছে। সেনানিবাস এলাকায় থাকলে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়। এসময় ওয়াদুদ বলেন, সাদা পোষাকের লোক খালেদার চলাচলে বাধা দিচ্ছে।
এ পর্যায়ে আদালত জানতে চান, সেনানিবাস এলাকায় নিয়ন্ত্রণের জন্য তাদের নিজস্ব ব্যবস্থা আছে, এখানে অন্যরা বাধা দেয় কীভাবে? আদালত আরো জানতে চান, আবদুল ওয়াদুদ খন্দকারের আছে কিনা? “আপনি কি তার আত্মীয়? তার সঙ্গে কি দেখা করতে গিয়েছিলেন?”
জবাবে ওয়াদুদ বলেন, অনেকবার টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও তিনি খালেদার সঙ্গে কথা বলতে পারেননি। একই বিষয়ে হাইকোর্টে আরও একটি মামলা বিচারাধীন থাকায় এ মামলাটি চলতে পারে কিনা জানতে চান আদালত। অতিরিক্ত এটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদ বলেন, একই বিষয়ে দুইটি মামলা চলতে পারে না।
খালেদা জিয়ার চলাচলে সরকার বাধা দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করেন অতিরিক্ত এটর্নি জেনারেল। আর একটি মামলায় আমরা লিখিতভাবে একথা জানিয়েছি। এরপর খালেদা জিয়া তার ভাইয়ের বাসায় গিয়েছেন।
সোমবার বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের উল্লেখ করে দুই আইনজীবীকে খালেদার সঙ্গে কেন দেখা করতে দেওয়া হয়নি আদালত জানতে চাইলে অতিরিক্ত এটর্নি জেনারেল বলেন, এ ব্যাপারে সুস্পষ্টভাবে তার কিছু জানা নেই। এসময় তিনি নিজে কথা বলার জন্য ওয়াদুদ খন্দকারের কাছ থেকে খালেদার টেলিফোন নম্বর চান।
