২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ফিরলে দলে সংস্কার ও কাউন্সিলের ব্যাপারে সিদ্ধান্ত

শেখ হাসিনা ৭ মে সকালে দেশে ফেরার পর আওয়ামী লীগের কাউন্সিল হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2007, 12:06 AM

Updated : 26 Apr 2022, 02:18 PM

তিনি বলেছেন, নেত্রী দেশে ফিরেই দলের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দলের সংস্কার করবেন। তবে সবকিছুই নির্ভর করছে ঘরোয়া রাজনীতির ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ওপর।

জিল্লুর রহমান বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “শেখ হাসিনা ৭ মে সকালে ঢাকায় ফিরছেন। দেশে ফেরার পর ঘরোয়া রাজনীতির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেলেই আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।”

তিনি বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে সংস্কার করতে পারে কেবল দলের কাউন্সিলররাই। তারা হল দলের পরিবর্তনে সর্বময় ক্ষমতার অধিকারী।

জিল্লুর রহমান বলেন, আমরা সংস্কার করলে প্রকৃত অর্থেই সংস্কার করবো। খালেদা জিয়ার মতো ছোট ভাইকে দলের সহ-সভাপতি বানিয়ে সংস্কার করবো না।