সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন আনসার সদস্য ছিফত মিয়া ও ব্যবসায়ী সাদেক আলী। তবে এ সময় জনতা ছিনতাইকারী আবদুল আহাদকে (২৫) আটক করতে সক্ষম হয়।
নগরীর ব্যস্ততম জিন্দাবাজার পয়েন্টে সোমবার দুপুর ১ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারী আবদুল আহাদ জিন্দাবাজার চৌমোহনায় ছিনতাই করতে গেলে লোকজন ‘ধর ধর’ বলে ধাওয়া করে।
এ সময় ট্রাফিক পুলিশের দায়িত্বরত আনসার সদস্য ছিফত মিয়া ও কয়েকজন ব্যবসায়ী দৌড়ে আহাদকে ধরে ফেলেন। ছিনতাইকারী তাদের ছুরিকাঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে। পরে জনতা তাকে ধরে কোতয়ালি থানা পুলিশে সোপর্দ করে।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর নূর বলেন, ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে নগরীর শাহী ঈদগাহর বাসিন্দা।
