কক্সবাজারে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত
কক্সবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে।
র্যাব-৭ এর মেজর সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ভোর চারটায় টেকনাফ উপজেলার মনখালীর কাছে সমুদ্র সৈকতে র্যাব সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে সৈয়দ কাশেম নামে এক ব্যক্তি নিহত হন। তার বাড়ি টেকনাফের শামলাপুর উত্তরপাড়া গ্রামে। তার বাবার নাম মোহাম্মদুল হক।”
তিনি জানান, নিয়মিত টহলের সময় শুক্রবার ভোরে মনখালী সৈকত এলাকায় সন্দেহভাজন ৪/৫ জনকে দেখে র্যাব সদস্যরা তাদের থামতে বলে। কিন্তু তারা না থেমে দৌঁড়ে পাহাড়ের আড়াল গিয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। র্যাবও পাল্টা গুলি চালায়। ২০/২৫ মিনিট পর তারা গুলি চালানো বন্ধ করলে র্যাব সদস্যরা পাহাড়ে তল্লাশি চালিয়ে কাশেমের গুলিবিদ্ধ লাশ পায়। দুপুরে তার লাশ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
মেজর সোহেল জানান, ঘটনাস্থল থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি বন্দুক, একটি এলজি, রাইফেলের পাঁচ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তবে নিহত ব্যক্তি কোনও সংগঠনের সঙ্গে জড়িত কিনা র্যাব তা জানাতে পারেনি।
