পুরান ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
রাজধানীর লালবাগে বুধবার রাতে সন্ত্রাসীরা মোহাম্মদ আলী (২৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।
লালবাগের ইসলামবাগে তার একটি প্লাস্টিকের দোকান রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রফিকুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে।
লালবাগ থানা পুলিশ জানায়, মোহাম্মদ আলী রাত সাড়ে নয়টার দিকে ইসলামবাগে তার দোকানের সামনে দাড়িয়ে ছিলেন। এ সময় স্থানীয় ৫/৬ জন সশস্ত্র সন্ত্রাসী তার মাথায় রিভলবার ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
নিহতের খালু রিয়াজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সন্ত্রাসী আরিফের নেতৃত্বে মোহাম্মদ আলীকে হতা করা হয়েছে। চাঁদার দাবিতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার কর্তব্যরত উপ-পরিদর্শক সেকেন্দার আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে জড়িত সন্দেহে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রফিকুল নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার জন্য অভিযান চালানো হচ্ছে।
